নতুন বাড়ির ওপর বিক্রয় কর বাতিলের আহবান

নতুন বাড়ির ওপর বিক্রয় কর বাতিলের আহবান - the Bengali Times
অন্টারিওর লিবারেল এমপিপি আদিল শামজি বলেন আপনি যখন এতটা পিছিয়ে থাকবেন তখন হেঁটে আর এগোতে পারবেন না আপনাকে তখন দৌঁড়াতে হবে

অন্টারিওতে বাড়ি নির্মাণের গতি মারাত্মকভাবে কমে যাওয়ায়, নতুন আবাসনের ওপর প্রাদেশিক এইচএসটি (HST) অংশ বাতিলের দাবি তুলেছে প্রাদেশিক লিবারেল পার্টি। তারা বলছে, এই পদক্ষেপই হতে পারে ক্রমবর্ধমান আবাসন সংকট থেকে মুক্তির কার্যকর উপায়। এর মাধ্যমে প্রিমিয়ার ডগ ফোর্ডের সরকারকে গত গ্রীষ্মে বাতিল করা একটি নীতি পুনরায় গ্রহণের জন্য রাজনৈতিক চাপের মুখে ফেলেছে দলটি।

লিবারেল পার্টি সাম্প্রতিক আবাসন সংক্রান্ত উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছে, প্রদেশে বাড়ি নির্মাণে অগ্রগতি চরমভাবে পিছিয়ে পড়েছে। চলতি বছরের জন্য নির্ধারিত আবাসন নির্মাণের লক্ষ্যমাত্রার মাত্র ২৬ শতাংশ অর্জিত হয়েছে যা এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে।

- Advertisement -

কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন (CMHC)-এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের মধ্যে কানাডার অধিকাংশ প্রদেশে বাড়ি নির্মাণের হার বেড়েছে, কিন্তু অন্টারিও একমাত্র প্রদেশ যেখানে নির্মাণ কার্যক্রম কমেছে। এই পরিসংখ্যানই এখন প্রদেশের আবাসন নীতি ও কর ব্যবস্থাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

লিবারেল এমপিপি আদিল শামজি বৃহস্পতিবার বলেন, “আপনি যখন এতটা পিছিয়ে পড়বেন, তখন আর হাঁটলে হবে না, দৌড়াতে হবে। এখনই সাহসী পদক্ষেপের সময়।”

তিনি আরও বলেন, “ডেভেলপার ও নির্মাতারা এখন কোনো প্রণোদনা পাচ্ছেন না, না নতুন প্রকল্প শুরু করতে, না পুরনো প্রকল্প শেষ করতে। অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।”

লিবারেলদের নতুন প্রস্তাব অনুযায়ী, ১০ লাখ ডলার পর্যন্ত দামের সব নতুন বাড়ির ক্ষেত্রে প্রাদেশিক এইচএসটি অংশ বাতিল করা হবে। এর ফলে ক্রেতারা নতুন আবাসন কেনায় উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন।

অন্যদিকে, ১৫ লাখ ডলার পর্যন্ত দামের বাড়িতে আংশিক কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই নীতি আগামী পাঁচ বছরের জন্য কার্যকর রাখার পাশাপাশি, বিনিয়োগ বা রেন্টাল উদ্দেশ্যে কেনা বাড়িগুলোর ক্ষেত্রে ছাড় প্রযোজ্য না করার পরামর্শও দিয়েছে লিবারেল পার্টি।

লিবারেলদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রদেশের সবচেয়ে প্রভাবশালী হোমবিল্ডার সংগঠন বিল্ডিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (BILD)।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “আমাদের প্রাক-বাজেট পরামর্শ প্রক্রিয়ার অংশ হিসেবেই আমরা প্রথম প্রস্তাব হিসেবে দিয়েছিলাম ১০ লাখ ডলারের কম মূল্যের নতুন বাড়ি বিক্রিতে সীমিত সময়ের জন্য জিএসটি/পিএসটি বাতিল করা হোক। এর মূল উদ্দেশ্য হলো ক্রয়ক্ষমতার সংকট নিরসন এবং ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করা।”

অন্টারিও সরকার গত গ্রীষ্মে এ ধরনের করছাড় সংক্রান্ত নীতি বাতিল করেছিল, যুক্তি হিসেবে বলেছিল যে এতে রাজস্ব ঘাটতি তৈরি হবে। কিন্তু বর্তমানে আবাসন খাতের মন্দা ও নির্মাণের গতি কমে যাওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফোর্ড সরকারের ওপর চাপ বাড়ছে এই নীতি পুনর্বিবেচনার জন্য।

অর্থনীতিবিদদের মতে, এইচএসটি করছাড় প্রাদেশিক রাজস্বে কিছু প্রভাব ফেললেও, এটি মধ্যবিত্ত ও প্রথমবারের ক্রেতাদের জন্য স্বস্তি বয়ে আনবে এবং নির্মাণ খাতে নতুন প্রকল্পকে উৎসাহিত করবে।

অন্টারিওতে বর্তমানে আবাসন সংকট এক গভীর সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বাড়ি নির্মাণে স্থবিরতা, ক্রয়ক্ষমতার সংকট, এবং করের ভার সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। লিবারেলদের প্রস্তাবটি তাই কেবল একটি করনীতি নয়, বরং অর্থনীতির চাকা পুনরায় সচল করার রাজনৈতিক রূপরেখা বলেও অনেকেই দেখছেন।

এখন দেখার বিষয় ডগ ফোর্ড সরকার কি লিবারেলদের এই আহ্বানে সাড়া দেবে, নাকি আগের অবস্থানেই অটল থাকবে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles