
কুইবেকের পার্স উপকূলে গ্রেট হোয়াইট শার্কের কামড়ে আহত এক ডুবুরি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সহকর্মীরা।
স্থানীয় ডাইভিং সেন্টার ‘প্লঙ্গি পার্স’-এর পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ার জাঁ-ফ্রাসোয়াঁ ভেজিনা শনিবার জানান, আহত ডুবুরির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে আঘাতের বিস্তারিত বিবরণ প্রকাশ করতে চাননি তিনি।
ভেজিনার ভাষ্য অনুযায়ী, আহত ব্যক্তি ওই ডাইভিং সেন্টারের একজন ডাইভমাস্টার। বুধবার পার্স উপকূলে ডাইভিংয়ের সময় একটি গ্রেট হোয়াইট শার্ক তার শরীরের ওপরের অংশে কামড় দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
প্লঙ্গি পার্স জানিয়েছে, এলাকায় এর আগে হাঙ্গর দেখা গেলেও এ ধরনের হামলার ঘটনা এবারই প্রথম। ভেজিনা বলেন, “এর আগে আমরা এখানে হাঙ্গর দেখেছি। কিন্তু কখনো তাদের এতটা কাছাকাছি মুখোমুখি হতে হয়নি।”
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ডাইভিং সেন্টারটি ঘটনার কিছু বিস্তারিত জানায়। সেখানে বলা হয়, একজন শিক্ষার্থীর সঙ্গে নিয়মিত ১০ মিটার গভীরতার ডাইভিং সেশন চলাকালে হামলার ঘটনাটি ঘটে।
সেদিন মোট ১০ জন ডুবুরি দুটি দলে ভাগ হয়ে পানিতে নামেন। প্রথম দলে ছিলেন দুইজন ডুবুরি এবং তাদের দিকনির্দেশনার দায়িত্বে একজন ডাইভমাস্টার। দ্বিতীয় দলে ছিলেন একজন ডাইভমাস্টার, একজন ইনস্ট্রাক্টর এবং একজন লেভেল-ওয়ান ডাইভার।
হামলার পর ঘটনাস্থলে থাকা অন্য ডুবুরিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং আহত ডাইভমাস্টারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ডাইভিং সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পর পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ পর্যালোচনা করা হচ্ছে।

