
প্রাদেশিক নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে ব্রিটিশ কলাম্বিয়া (বি.সি.) কনজার্ভেটিভ পার্টি। বর্তমান প্রিমিয়ার ডেভিড এবি ও তাঁর দল নিউ ডেমোক্র্যাটিক পার্টিকে (এনডিপি) পরাজিত করে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের পথে এগিয়েছে কনজার্ভেটিভরা। দলের অন্তর্বর্তী নেতা লর্নে ডোয়ার্কসন হতে যাচ্ছেন প্রদেশটির পরবর্তী প্রিমিয়ার। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ক্রিয়তা কাটিয়ে প্রদেশের ক্ষমতায় ফিরল কনজার্ভেটিভরা।
ভ্যানকুভারে বিজয় উদ্যাপন অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ডোয়ার্কসন বলেন, ব্রিটিশ কলাম্বিয়ার মানুষ তাদের পছন্দের দলকে নির্বাচিত করেছেন। প্রিমিয়ার হিসেবে জনগণের সেবা করার সুযোগকে তিনি জীবনের অন্যতম বড় সম্মান হিসেবে দেখছেন। তিনি বলেন, দায়িত্ব পালনে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আবারও কাজে ফিরে যাবেন। তাঁর ভাষায়, প্রদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে এবং সব ব্রিটিশ কলাম্বিয়ানের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, প্রদেশটির সামনে এখনো সবচেয়ে ভালো দিনগুলো অপেক্ষা করছে।
ডোয়ার্কসনের রাজনৈতিক উত্থানও বেশ ব্যতিক্রমী। ক্যারিবু-চিলকোটিন এলাকার তুলনামূলক কম পরিচিত এমএলএ থেকে দলীয় বোর্ডের মনোনীত নেতা এবং এরপর প্রিমিয়ার হওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পাঁচ সপ্তাহেরও কম সময়ে। সাধারণ নির্বাচনের মাধ্যমে এত অল্প সময়ে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর ঘটনা কানাডার রাজনীতিতে বিরল।
এই জয় শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, ব্রিটিশ কলাম্বিয়ার কনজার্ভেটিভ রাজনীতিরও বড় প্রত্যাবর্তন। প্রায় অর্ধশতাব্দী ধরে দলটি প্রাদেশিক আইনসভায় একজন প্রতিনিধিও নির্বাচিত করতে পারেনি। এবার সারে, উত্তর উপকূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় জয় পেয়ে সেই দীর্ঘ রাজনৈতিক খরা কাটিয়েছে দলটি। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় আধা ঘণ্টা আগেই কনজার্ভেটিভদের বিজয়ের আভাস স্পষ্ট হয়ে ওঠে।
অন্যদিকে, ২০১৭ সালের পর আবারও বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে এনডিপি। নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর ভ্যানকুভার-পয়েন্ট গ্রে আসনে নির্বাচিত ডেভিড এবি দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছে এমিলি লোয়ানের নেতৃত্বাধীন গ্রিন পার্টি। নিজের প্রথম নির্বাচনেই সানিচ নর্থ অ্যান্ড দ্য আইল্যান্ডস আসন থেকে জয় পেয়েছেন লোয়ান। তবে ওয়ানবিসির অন্তর্বর্তী নেতা ডালাস ব্রোডি এবং সেন্টারবিসি নেতা এলিনর স্টার্কো দুজনই নির্বাচনে পরাজিত হয়েছেন। ভ্যানকুভার-কুইলচেনা আসনে কনজার্ভেটিভ প্রার্থী কার্সন বিন্ডারের কাছে হেরেছেন ব্রোডি। অন্যদিকে, সারেতে মেগান নাইটের কাছে পরাজিত হয়েছেন স্টার্কো।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লর্নে ডোয়ার্কসনকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই নির্বাচনের ফলাফল ব্রিটিশ কলাম্বিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা কনজার্ভেটিভদের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রদেশটির রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যও বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে।
সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

