
অন্টারিও স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (ওসাপ)-এর পরিবর্তনের প্রতিবাদে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সমালোচনা করেছেন প্রদেশটির প্রিমিয়ার ডাগ ফোর্ড। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট না করে শ্রেণিকক্ষে ফিরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে হবে।
সোমবার পিটারবোরোতে এক ঘোষণার সময় শিক্ষার্থীদের উদ্দেশে ফোর্ড বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেক শিক্ষার্থী আন্দোলনে যোগ দিচ্ছে। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের বড় একটি অংশে বিভ্রান্তিকর ও অদ্ভুত মতামত ছড়িয়ে থাকে। সেখান থেকে প্রভাবিত হয়ে কেউ বিক্ষোভের ডাক দিলে অনেকেই যাচাই-বাছাই না করেই তাতে অংশ নেয়।
বৃহস্পতিবার শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে আসার প্রসঙ্গ তুলে ফোর্ড বলেন, শিক্ষার্থীদের উচিত ক্লাসে থাকা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া। যারা মনোযোগ দিয়ে শিক্ষা শেষ করবে, ভবিষ্যতে তারাই সফল হবে বলে মন্তব্য করেন তিনি। ফোর্ডের মতে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের সময় শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে ভালো বেতনের একটি চাকরি। তাই প্রতিবাদের পরিবর্তে নিজেদের ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রস্তুতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে ফোর্ডের মন্তব্যে ট্রেন্ট ইউনিভার্সিটির প্রসঙ্গও উঠে আসে। গত অক্টোবরে পিটারবোরোর এই বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন শিক্ষার্থী আবাসিক ভবন এবং একটি নতুন একাডেমিক ভবন নির্মাণে ১০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল অন্টারিও সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে নতুন আবাসন সুবিধায় প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা হবে।
এই বিনিয়োগের কথা উল্লেখ করে ফোর্ড বলেন, ট্রেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাঁর ভাষায়, সরকার যখন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করছে, তখন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ছেড়ে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি ভেবে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের ভালো চাকরির দিকে নজর দেওয়া উচিত। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) এবং স্বাস্থ্যসেবা খাতে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার ওপর গুরুত্ব দেন তিনি। ফোর্ডের বক্তব্য, ট্রেন্ট ইউনিভার্সিটিতে সরকার বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। তাই শিক্ষার্থীদের বিক্ষোভের পরিবর্তে পড়াশোনা শেষ করে কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করাই বেশি জরুরি। তবে ওসাপের পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ এবং তাদের বিক্ষোভের মূল দাবিগুলো সম্পর্কে প্রিমিয়ারের বক্তব্যে বিস্তারিত কিছু উঠে আসেনি।

