
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মুসলিমবিদ্বেষী ভিডিও পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন টরন্টো ব্লু জেসের আউটফিল্ডার অ্যান্থনি সান্তান্দার। এ ঘটনায় হতাশা প্রকাশের পাশাপাশি তাঁর ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)। সংস্থাটির মতে, এই বিতর্ক থেকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশের পর মঙ্গলবার সান্তান্দার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ভিডিওগুলোতে মুসলিমদের নিয়ে অবমাননাকর বক্তব্য তুলে ধরা হয়। তবে পোস্ট করার দুই দিন পর তিনি সেগুলো সরিয়ে নেন।
এনসিসিএমের মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান স্টিভেন ঝু বলেন, সান্তান্দারের পোস্টগুলো হতাশাজনক এবং অস্বস্তিকর। তারপরও সংস্থাটি মনে করে, পরিস্থিতিকে ইতিবাচক পরিবর্তনের সুযোগ হিসেবে কাজে লাগানো সম্ভব। ঝু বলেন, মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া দেখতে চান। তাঁর মতে, এই পরিস্থিতিতে সবচেয়ে প্রত্যাশিত বিষয় হলো সান্তান্দারের পক্ষ থেকে আন্তরিক ক্ষমা প্রার্থনা। এদিকে, বিষয়টি নিয়ে মন্তব্য জানতে সান্তান্দারের এজেন্ট এবং তাঁর স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
বিতর্কের মধ্যে শুক্রবার এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে টরন্টো ব্লু জেস। দলটি জানায়, বেসবল সবার খেলা এবং ব্লু জেস এমন একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সব ভক্তই তাদের বলপার্কে স্বাগত বোধ করবেন। কোনো ব্যক্তির ব্যক্তিগত মন্তব্য দলের মূল্যবোধ ও বিশ্বাসের প্রতিফলন নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সান্তান্দারের শেয়ার করা ভিডিওগুলোর একটিতে একজন খ্রিস্টান ধর্মযাজককে বলতে শোনা যায়, দয়ালু মুসলিম বলে কিছু নেই। ভিডিওতে আরও দাবি করা হয়, আবদুল এল-সাঈদ মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে শরীয়া আইন চাপিয়ে দেওয়া হবে।
মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান আবদুল এল-সাঈদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার সময় তাঁকে বিভিন্ন ধরনের ইসলামবিদ্বেষী বক্তব্য ও আক্রমণের মুখে পড়তে হয়েছে। ভেনেজুয়েলায় জন্ম নেওয়া সান্তান্দার গত মৌসুমে চোটের কারণে মেজর লিগ বেসবলে (এমএলবি) খেলতে পারেননি। ২০২৫ সালের জানুয়ারিতে টরন্টো ব্লু জেসের সঙ্গে ৯ কোটি ২৫ লাখ মার্কিন ডলারের পাঁচ বছর মেয়াদি চুক্তি করেন তিনি। সান্তান্দারের পোস্ট ঘিরে তৈরি হওয়া বিতর্কে এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ক্ষমা প্রার্থনার খবর পাওয়া যায়নি।
সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

