
কনটেন্ট নির্মাতা সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার দেশের বিভিন্ন ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিএফআইইউর চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য ও হিসাব বিবরণী চাওয়া হয়েছে। তার নামে থাকা হিসাবগুলোর সফটকপিও পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া চিহ্নিত হিসাবগুলোর সুদ আয় ও উৎসে করসংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। লেনদেনসংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। ঘটনার পর তিনি প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ করলেও পরে জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। বক্তব্যের এই পরিবর্তন নিয়েও আলোচনা তৈরি হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিদের ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

