বিনিয়োগ প্রতারণায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

বিনিয়োগ প্রতারণায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার - the Bengali Times
কানাডার টরন্টোয় বিনিয়োগ প্রতারণার একটি ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

কানাডার টরন্টোয় বিনিয়োগ প্রতারণার একটি ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই প্রতারণার ঘটনায় বিনিয়োগকারীদের মোট প্রায় ৩৪ কোটি ৯০ লাখ ডলার (৩৪৯ মিলিয়ন কানাডীয় ডলার) ক্ষতি হয়েছে। ঘটনায় আরও এক সন্দেহভাজনের খোঁজ চলছে বলে জানিয়েছে টরন্টো পুলিশ।

পুলিশের ফ্রড ইউনিটের কাছে ২০২৫ সালে বিনিয়োগ-সংক্রান্ত প্রতারণার একাধিক অভিযোগ জমা পড়ে। তদন্তে অভিযোগের সঙ্গে গোল্ডেনট্রাস্ট ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন নামে একটি কোম্পানির নাম উঠে আসে। কোম্পানিটি টরন্টোর উইলোডেল অ্যাভিনিউ ও শেপার্ড অ্যাভিনিউ ইস্ট এলাকায় কার্যক্রম চালাত বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

তদন্তকারীদের অভিযোগ, সন্দেহভাজনরা বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগ এবং আবাসন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্রস্তাব নিয়ে যেতেন। বিনিয়োগ করলে উল্লেখযোগ্য মুনাফা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হতো। কিছু ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছ থেকে বাড়ি জামানত রাখার কথাও বলা হয়েছিল বলে পুলিশের অভিযোগ। সেই আশ্বাসে বেশ কয়েকজন ভুক্তভোগী সন্দেহভাজনদের হাতে বড় অঙ্কের অর্থ তুলে দেন। পরে কয়েকজন বিনিয়োগকারী জানতে পারেন, বাড়ির মালিকানা এবং বিনিয়োগের নিরাপত্তা নিয়ে তাঁদের যে তথ্য বা নিশ্চয়তা দেওয়া হয়েছিল, তার কিছু অংশ ভুয়া ছিল বলে অভিযোগ। এ ছাড়াও কয়েকজন ভুক্তভোগী বাড়ি সংস্কারের জন্য অর্থ দিয়েছিলেন। কিন্তু পুলিশের অভিযোগ, সেই সংস্কারের কাজ শেষ করা হয়নি।

এই মামলায় মঙ্গলবার দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে টরন্টো পুলিশ। তাঁদের মধ্যে ৪১ বছর বয়সী বিংবিং ডং, যিনি মারখামের বাসিন্দা, এবং ৪৩ বছর বয়সী পেং ঝ্যাং, যিনি টরন্টোর বাসিন্দা। দু’জনের বিরুদ্ধেই ৫ হাজার ডলারের বেশি অর্থের প্রতারণা সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

তদন্তে তৃতীয় এক সন্দেহভাজনের নামও উঠে এসেছে। তিনি ৩৭ বছর বয়সী জিয়াচেন ডং, যিনি ‘মিশেল ডং’ নামেও পরিচিত বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি। তিনি রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। বর্তমানে তিনি কানাডার বাইরে, চীনে পালিয়ে গেছেন বলে পুলিশের দাবি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টরন্টো পুলিশের ফ্রড ইউনিট জানিয়েছে, বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়া, বিনিয়োগের নিরাপত্তা সংক্রান্ত তথ্য এবং আবাসন সংস্কারের নামে অর্থ সংগ্রহের বিষয়গুলি তদন্ত করা হচ্ছে। পুলিশের অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীরা বিভিন্ন প্রতিশ্রুতির ভিত্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন। তবে পরবর্তীতে তাঁদের দেওয়া অর্থের ব্যবহার এবং সম্পত্তি সংক্রান্ত প্রতিনিধিত্ব নিয়ে গুরুতর অসঙ্গতির অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles