আনুষ্ঠানিক প্র্যাক্টিসের আগে নিবন্ধিত নার্সদের পরীক্ষা অনেক ব্যয়বহুল

আনুষ্ঠানিক প্র্যাক্টিসের আগে নিবন্ধিত নার্সদের পরীক্ষা অনেক ব্যয়বহুল - the Bengali Times
কানাডায় নার্সিং পেশায় প্রবেশের আগে বাধ্যতামূলক লাইসেন্সিং পরীক্ষার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে

কানাডায় নার্সিং পেশায় প্রবেশের আগে বাধ্যতামূলক লাইসেন্সিং পরীক্ষার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যাশনাল কাউন্সিল লাইসেন্সার এক্সামিনেশন দেওয়ার ফি ৩৬০ কানাডিয়ান ডলার থেকে বেড়ে ৫৭০ ডলার হবে। ফলে এক ধাক্কায় খরচ বাড়ছে ৫৮ শতাংশ। এই পরীক্ষার ফি সাধারণত শিক্ষার্থীদেরই বহন করতে হয়। ফলে নার্সিং পড়ুয়াদের মধ্যে নতুন করে আর্থিক চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে কানাডিয়ান নার্সিং স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন।

ফি বৃদ্ধির দায়িত্বে থাকা অ্যাসোসিয়েশনের ন্যাশনাল অ্যাসেম্বলি জানিয়েছে, ২০০০ সালের পর এই প্রথম ন্যাশনাল কাউন্সিল লাইসেন্সার এক্সামিনেশন-এর ফি সমন্বয় করা হচ্ছে। দীর্ঘ ২৫ বছরের মূল্যস্ফীতি এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন খরচ বিবেচনা করেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার খরচের পাশাপাশি ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যয়ও ফি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

- Advertisement -

কানাডিয়ান নার্সিং স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের বক্তব্য, শুধু লাইসেন্সিং পরীক্ষার ফিই নয়, নার্সিং পড়ুয়াদের সামগ্রিক শিক্ষাব্যয়ও গত কয়েক বছরে বেড়েছে। টিউশন ফি, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্সিং ফি এবং শত শত ঘণ্টার বাধ্যতামূলক কিন্তু বিনা পারিশ্রমিকের ক্লিনিক্যাল প্র্যাক্টিস সব মিলিয়ে পড়ুয়াদের খরচের চাপ বাড়ছে। কানাডিয়ান নার্সিং স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের পরিচালক হুগো ট্যাম বলেন, মানুষকে সাহায্য করা এবং কমিউনিটির পাশে থাকার ইচ্ছা থেকেই অনেকে নার্সিং পেশায় আসেন। কিন্তু বছরের পর বছর খরচ বাড়তে থাকলে নতুন গ্র্যাজুয়েটদের জন্য এই পেশায় প্রবেশ করা কঠিন হয়ে পড়ে।

কানাডিয়ান নার্সিং স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন জানিয়েছে, পরীক্ষার ফি বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টি তারা পুরোপুরি অস্বীকার করছে না। তবে এত বড় অঙ্কের বৃদ্ধি একবারে কার্যকর করার পরিবর্তে ধাপে ধাপে করা উচিত ছিল বলে মনে করছে সংগঠনটি। অ্যাসোসিয়েশনের সহযোগী প্রেসিডেন্ট স্কারলেট মন্টসেরাট সানাব্রিয়া-রামোস বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে আরও আলোচনা করা প্রয়োজন ছিল। তাঁর মতে, ফি বাড়াতেই হলে সেটি ধীরে ধীরে কার্যকর করা উচিত, একসঙ্গে এতটা বৃদ্ধি নয়।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে কানাডাজুড়ে ন্যাশনাল কাউন্সিল লাইসেন্সার এক্সামিনেশন পরীক্ষার ফি ৫৭০ কানাডিয়ান ডলার হবে। বর্তমানে পরীক্ষার্থীদের দিতে হয় ৩৬০ ডলার। অর্থাৎ, পরীক্ষার জন্য আবেদনকারী একজন শিক্ষার্থীকে বর্তমানে যা দিতে হচ্ছে, তার তুলনায় নতুন ব্যবস্থায় ২১০ কানাডিয়ান ডলার বেশি খরচ করতে হবে। নার্সিং শিক্ষার্থীদের সংগঠন এখন এই সিদ্ধান্তের বাস্তবায়ন-পদ্ধতি পুনর্বিবেচনার প্রত্যাশা করছে।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles