
অভাব-অনিশ্চয়তায় জর্জরিত এক নারী। স্বামীর প্রত্যাখ্যানের পর কাজের সন্ধানে বেরিয়ে অপ্রত্যাশিত এক বিজ্ঞাপনের মাধ্যমে পৌঁছে যান এক ধনকুবের মাফিয়া ডনের বাড়িতে। সেখানে শুরু হয় চুক্তির সম্পর্ক। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কই বদলে যায় ভালোবাসায়। এমন গল্প নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের সিরিজ ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’।
সিরিজের কেন্দ্রীয় চরিত্র নোরা। নিজের শারীরিক অবয়ম নিয়ে স্বামীর অবহেলা ও প্রত্যাখ্যানের পর অর্থকষ্টে পড়ে যান তিনি। একপর্যায়ে ‘সৎমা প্রয়োজন’—এমন একটি বিজ্ঞাপনে সাড়া দিয়ে শহরের প্রভাবশালী মাফিয়া লুকার বাড়িতে যান নোরা।
সেখানে তার দায়িত্ব পড়ে লুকার ছোট ছেলে লিওর দেখাশোনার। শুরুতে নোরা ও লুকার সম্পর্ক ছিল পুরোপুরি চুক্তিনির্ভর। কিন্তু শিশুটির সঙ্গে নোরার গভীর সখ্য ধীরে ধীরে পরিস্থিতি বদলে দেয়। লিওর যত্ন নিতে নিতে নোরাও পরিবারের গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠেন।
লুকার চরিত্রটিও গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। অপরাধজগতে তিনি কঠোর ও ক্ষমতাবান হলেও সন্তানের ক্ষেত্রে একেবারেই ভিন্ন। সন্তানের প্রতি মমতা এবং নোরার প্রতি ধীরে ধীরে তৈরি হওয়া অনুভূতি তার চরিত্রকে আরও মানবিক করে তোলে।
তবে সিরিজটির গল্প শুধু মাফিয়া ও প্রেমের মধ্যে সীমাবদ্ধ নয়। অবহেলা ও অপমানের কারণে আত্মবিশ্বাস হারানো একজন নারী কীভাবে প্রতিকূলতা পেরিয়ে নিজের আত্মমর্যাদা ফিরে পান, সেটিও তুলে ধরা হয়েছে। ফলে নোরার চরিত্রটি শুধু প্রেমের গল্পের নায়িকা নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছে।
দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত, রহস্য ও রোমাঞ্চের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নির্মাণ—সব মিলিয়ে সিরিজটি দর্শকদের আগ্রহ তৈরি করেছে। চুক্তিভিত্তিক একটি সম্পর্ক কীভাবে ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়, সেটিই এই কাল্পনিক সিরিজের মূল আকর্ষণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত স্বল্পদৈর্ঘ্যের সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। সহজে দেখার উপযোগী গল্প, নাটকীয় বাঁক এবং দ্রুত পরিবর্তনশীল দৃশ্যের কারণে তরুণ দর্শকদের মধ্যেও এগুলো নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

