‘উনি যে জেলায় যান, সেখানেই বিয়ে করেন’: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী

‘উনি যে জেলায় যান, সেখানেই বিয়ে করেন’: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী - the Bengali Times
চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম ও তার ষষ্ঠ স্ত্রী দাবি করা আন্নি আক্তার

রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের বিরুদ্ধে একের পর এক বিয়ের অভিযোগ তুলেছেন নিজেকে তার ষষ্ঠ স্ত্রী দাবি করা আন্নি আক্তার। তার অভিযোগ, মাহবুব আলম যে জেলায় বদলি হয়ে যান, সেখানেই নতুন করে বিয়ের সম্পর্ক গড়ে তোলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম ও এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন আন্নি। এ ঘটনায় তিনি সাবেক ওসির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান।

- Advertisement -

আন্নি আক্তার নওগাঁর বাসিন্দা, একজন নারী উদ্যোক্তা ও বিষয়বস্তু নির্মাতা। তার দাবি, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেন। পরে তিনি জানতে পারেন, এর আগেও বিভিন্ন কর্মস্থলে মাহবুবের একাধিক বিয়ের সম্পর্ক ছিল।

আন্নির ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন, নাদের হাজির মোড়ের একটি ভাড়া ফ্ল্যাটে এক নারীকে নিয়ে অবস্থান করছেন মাহবুব। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি সেখানে গিয়ে দরজায় কড়া নাড়েন। প্রায় দুই ঘণ্টা কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা নম্বরে ফোন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে দরজা খুলে মাহবুব ও ওই নারীকে বের করে আনেন।

ফ্ল্যাট থেকে বের হওয়ার পর মাহবুব ওই নারীকে তার স্ত্রী বলে পরিচয় দেন। তবে সাংবাদিকদের সামনে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি।

এদিকে মাহবুব দাবি করেন, আন্নিকে চার দিন আগে তালাক দিয়েছেন। তবে আন্নির দাবি, তিনি তালাকের কোনো কাগজ পাননি।

অন্যদিকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে যাওয়ায় মাহবুবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি থাকাকালে এক ব্যক্তির কাছ থেকে ঘুষের খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।

চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles