
লিওনেল মেসি
লিওনেল মেসির রেকর্ড ভাঙা যে এত সহজ নয়, তা ফুটবলবিশ্ব ভালোভাবেই জানে। কিন্তু সময়ের সঙ্গে কিংবদন্তির কিছু রেকর্ডও যে একদিন ভাঙবে, সেটিই যেন মনে করিয়ে দিলেন আর্জেন্টিনার তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুওনো। মাত্র ১৯ বছর বয়সেই মেসির ১৯ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
শুক্রবার রাতে ভেনেজিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মাস্তানতুওনো। আর এই তিন গোলের পথেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি।
মাস্তানতুওনোর বয়স এখন ১৯ বছর ২৮ দিন। ২০০৭ সালের ১০ মার্চ বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি। তখন তার বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। অর্থাৎ মেসির চেয়ে ২৩১ দিন কম বয়সেই এই রেকর্ড গড়লেন মাস্তানতুওনো।
রিয়াল মাদ্রিদ থেকে এক মৌসুমের জন্য ধারে ফিওরেন্তিনায় যাওয়া মাস্তানতুওনোর জন্য এটি ছিল বিশেষ এক রাত। কারণ, শুক্রবারের তিন গোলই ছিল ইতালির ক্লাবটির হয়ে তার প্রথম গোল। ম্যাচে ২২ মিনিটে ভেনেজিয়া এগিয়ে গেলেও মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের চিত্র বদলে দেন তিনি।
প্রথমার্ধেই জোড়া গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ক্লাবটির হয়ে এক ম্যাচে একাধিক গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডও গড়েন মাস্তানতুওনো। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মাতেও পেলেগ্রিনো ব্যবধান বাড়ানোর পর ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তরুণ এই আর্জেন্টাইন।
এই হ্যাটট্রিকের আরেকটি চমকপ্রদ দিক হলো—গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৫ ম্যাচে যত গোল করেছিলেন, ফিওরেন্তিনার হয়ে এক ম্যাচেই সেই সংখ্যায় পৌঁছে গেলেন তিনি।
রিভার প্লেট থেকেই মাস্তানতুওনোর উত্থান। মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক করেন তিনি। ২০২৫ সালের জুনে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাঠে নেমে দেশের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার কৃতিত্বও অর্জন করেন।
এরপর ২০২৫ সালে ছয় বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। তবে স্পেনে প্রথম মৌসুমটা খুব একটা ভালো কাটেনি। প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি এবং বিশ্বকাপের আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি তার।
রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় এসে যেন নতুন করে নিজের গল্প লিখতে শুরু করেছেন মাস্তানতুওনো। আর সেই গল্পের শুরুতেই মেসির দীর্ঘদিনের একটি রেকর্ড ভেঙে দেওয়ায় আর্জেন্টিনার ফুটবলে তাকে ঘিরে প্রত্যাশা এখন আরও বেড়ে গেল।

