
জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায় ঘিরে এবার প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন তাঁর মা দোলোরেস আভেইরো। ছেলের দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি যেভাবে হয়েছে, তা মেনে নিতে পারছেন না তিনি। শুধু তাই নয়, রোনালদোর সাবেক সতীর্থদের বিরুদ্ধেও অসম্মান করার অভিযোগ তুলেছেন। এমনকি ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের পরাজয়ে নিজের খুশির কথাও প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) লিসবনের স্পোর্টিং সিপির হোসে আলভালাদে স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন দোলোরেস। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র বরাতে জানা গেছে, ছেলের বিদায়ের ঘটনায় তিনি ভীষণ হতাশ।
গত ৫ নভেম্বর ৪১ বছর বয়সী রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে তাঁর ২৩ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবে বিদায়ের ধরন নিয়ে সন্তুষ্ট নন তাঁর মা।
দোলোরেস বলেন, ‘রোনালদো দুঃখ পেয়েছে। সে আশা করেছিল, সবকিছু অন্য রকম হবে। তারা তাকে ধোঁকা দিয়েছে। আমিও দুঃখিত।’
এরপর ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। দোলোরেসের ভাষায়, এই পরাজয় প্রাপ্য ছিল পর্তুগালের। তিনি বলেন, ‘তারা হেরেছে, এই হার তাদের পাওনা ছিল। আমি খুশি হয়েছি।’
ছেলের সাবেক সতীর্থদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন রোনালদোর মা। তাঁর অভিযোগ, জাতীয় দলের সতীর্থদের কাছ থেকেও যথাযথ সম্মান পাননি রোনালদো। দোলোরেস বলেন, ‘তাদের কেউই নয়। এটাই আমার অনুভূতি। তাকে সম্মান করা হয়নি। এমনকি তার সতীর্থরাও তাকে সম্মান করেনি।’
রোনালদোর বিদায় উপলক্ষে ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে ব্রাগায় বিশেষ আয়োজন করেছিল পর্তুগাল ফুটবল দল। খেলোয়াড়দের জার্সিতে ছিল রোনালদোর নাম ও বিখ্যাত ৭ নম্বরের ছবি। ম্যাচের সপ্তম মিনিটে দর্শকেরাও করতালি দিয়ে তাঁকে সম্মান জানান। স্টেডিয়ামে প্রদর্শিত হয় তাঁকে ধন্যবাদ জানানো বিশেষ বার্তা।
তবে ওই আয়োজনে উপস্থিত ছিলেন না রোনালদো। বিষয়টি নিয়েও অসন্তোষ জানিয়েছেন তাঁর মা। দোলোরেস বলেন, ‘ব্রাগায় তারা যে সম্মাননা দিয়েছে, সেটা আমার ভালো লাগেনি। তাকে উপস্থিত রেখেই সম্মান জানানো উচিত ছিল।’
রোনালদোর ক্যারিয়ারের শুরু হয়েছিল স্পোর্টিং সিপিতে। তাই এই ক্লাবের কাছ থেকেই ছেলের জন্য আরও অর্থবহ সম্মাননা প্রত্যাশা করেন দোলোরেস। স্পোর্টিংয়ের স্টেডিয়ামে তাঁর সম্মানে একটি ডে-সেন্টারের নাম পরিবর্তনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দোলোরেসের মন্তব্য নিয়ে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের কাছেও জানতে চাওয়া হয়। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, ‘এখন কি আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের কথার জবাবও দিতে হবে?’
তবে পরে দোলোরেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেসুস বলেন, একজন মা তাঁর সন্তানের পক্ষ নেবেন, এটাই স্বাভাবিক। তাঁর ভাষায়, ‘একজন মা তো দিনশেষে মা-ই।’
রোনালদোর মায়ের পারিবারিক সংগ্রামের কথাও উল্লেখ করেন পর্তুগিজ এই কোচ। সন্তানদের বড় করতে দোলোরেসকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে বলে জানান তিনি। সমালোচনা থাকলেও তাঁর অবস্থানকে সম্মান করেন বলে জানান জেসুস।
উল্লেখ্য, রোনালদোর অবসরের পর পর্তুগালের প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারে দলটি। ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটি পর্তুগালের সবচেয়ে বড় পরাজয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। পর্তুগালের জার্সিতে ১৪৬ গোল করে দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসন ধরে রেখেছেন এই মহাতারকা।

