টরন্টোতে উষ্ণ আবহাওয়া ও সামান্য বৃষ্টির পূর্বাভাস

টরন্টোতে উষ্ণ আবহাওয়া ও সামান্য বৃষ্টির পূর্বাভাস - the Bengali Times
অসহ্য ভ্যাপসা গরমের পর শুক্রবার কিছুটা স্বস্তি মিলতে পারে এদিন আকাশ মূলত পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে একই সঙ্গে শহরে আর্দ্রতাও কিছুটা কমবে

আগস্টের শেষ সপ্তাহে এসেও গ্রীষ্মের চেনা আবহ থেকে খুব একটা বেরোচ্ছে না টরন্টো। মৃদু বাতাস, ঝলমলে রোদ, তুলনামূলক বেশি আর্দ্রতা এবং উষ্ণ তাপমাত্রা—সব মিলিয়ে আগামী কয়েক দিনেও শহরে বজায় থাকবে গ্রীষ্মকালীন আবহাওয়া। আবহাওয়ার এই ধরন অনেকটা সেপ্টেম্বরের শুরুর দিকের বদলে মধ্য জুলাইয়ের মতোই মনে হতে পারে।

অসহ্য ভ্যাপসা গরমের পর শুক্রবার কিছুটা স্বস্তি মিলতে পারে। এদিন আকাশ মূলত পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে। একই সঙ্গে শহরে আর্দ্রতাও কিছুটা কমবে। উত্তর দিক থেকে ঘণ্টায় প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা গরমের মধ্যে খানিকটা স্বস্তি এনে দেবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছতে পারে।

- Advertisement -

শুক্রবার রাতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেডে। টরন্টোর তুলনায় কটেজ কান্ট্রিতে রাতের ঠান্ডা আরও বেশি অনুভূত হতে পারে। ওই এলাকার কিছু জায়গায় তাপমাত্রা এক অঙ্কের ঘরেও নেমে আসার সম্ভাবনা রয়েছে।

শনিবারও গ্রীষ্মের আমেজ খুব একটা কাটবে না। আকাশ থাকবে উজ্জ্বল, পাশাপাশি ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। তবে সূর্য ডোবার পর তাপমাত্রা দ্রুত কমে রাতের দিকে প্রায় ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছতে পারে।

রবিবার থেকে অবশ্য আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। এদিন বাতাসে আর্দ্রতা বাড়বে এবং তাপমাত্রাও আরও কিছুটা বৃদ্ধি পেয়ে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছতে পারে। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে সপ্তাহান্তের শেষ দিনে গরমের সঙ্গে বৃষ্টির মিশ্র আবহ তৈরি হতে পারে।

সোমবার আকাশ মূলত মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে থাকতে পারে।

উল্লেখ্য, আগস্টের শেষ দিকে টরন্টোয় সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। সেই হিসেবে আগামী কয়েক দিনের তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকের কাছাকাছিই থাকবে, যদিও আর্দ্রতা ও রোদের কারণে দিনের বেলায় গরমের অনুভূতি বেশি হতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles