বিনিয়োগ প্রতারণার মাধ্যমে ৩.৪৯ মিলিয়ন ডলার আত্মসাৎ

বিনিয়োগ প্রতারণার মাধ্যমে ৩.৪৯ মিলিয়ন ডলার আত্মসাৎ - the Bengali Times
টরন্টো পুলিশ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ২০২৫ সাল থেকেই গোল্ডেনট্রাস্ট ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন কে ঘিরে বিনিয়োগ প্রতারণার একাধিক অভিযোগ তাদের কাছে আসতে শুরু করে

বিনিয়োগের সুযোগ দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কানাডার টরন্টোতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রতারণার এই ঘটনায় ভুক্তভোগীদের কাছ থেকে মোট প্রায় ৩৪ কোটি ৯০ লাখ ডলার নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে খুঁজছে তদন্তকারীরা।

টরন্টো পুলিশ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সাল থেকেই গোল্ডেনট্রাস্ট ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন-কে ঘিরে বিনিয়োগ প্রতারণার একাধিক অভিযোগ তাদের কাছে আসতে শুরু করে। উইলোডেল এভিনিউ এবং শেপার্ড এভিনিউ ইস্ট এলাকায় কোম্পানিটির কার্যক্রম ছিল বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা বিভিন্ন বিনিয়োগ ও আবাসন উন্নয়ন প্রকল্পের সুযোগের কথা বলে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করতেন। বিনিয়োগ করলে নির্দিষ্ট মুনাফা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে বিনিয়োগের নিরাপত্তা হিসেবে বাড়ি জামানত রাখার কথাও বলা হয়েছিল।

পুলিশের অভিযোগ, এসব আশ্বাসে বিশ্বাস করে বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযুক্তদের হাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তুলে দেন। পরে তাদের মধ্যে কেউ কেউ জানতে পারেন, বাড়ির মালিকানা এবং বিনিয়োগের নিরাপত্তা নিয়ে যে তথ্য বা নথি দেওয়া হয়েছিল, তার কিছু অংশ ছিল ভুয়া।

শুধু বিনিয়োগ নয়, কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে বাড়ি সংস্কারের জন্যও অর্থ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে অর্থ দেওয়ার পরও সেই সংস্কারকাজ শেষ করা হয়নি।

এই অভিযোগের তদন্তে গত মঙ্গলবার দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে টরন্টো পুলিশের ফ্রড ইউনিট। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারখামের ৪১ বছর বয়সী বিংবিং ডং এবং টরন্টোর ৪৩ বছর বয়সী পেং ঝ্যাং। দুজনের বিরুদ্ধেই ৫ হাজার ডলারের বেশি অর্থের প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

তবে তদন্ত এখানেই শেষ হয়নি। পুলিশ আরও এক সন্দেহভাজনকে খুঁজছে। তিনি টরন্টোর ৩৭ বছর বয়সী জিয়াচেন ডং, যিনি মিশেল ডং নামেও পরিচিত। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি। তিনি রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জানা গেছে এবং বর্তমানে চীনে পালিয়ে রয়েছেন বলে পুলিশের ধারণা।

টরন্টো পুলিশ জানিয়েছে, এই মামলায় আরও ভুক্তভোগী থাকতে পারেন। তাই কেউ একই ধরনের বিনিয়োগ প্রস্তাবের মাধ্যমে প্রতারিত হয়ে থাকলে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles