বিতর্কিত সেই ডেভেলপারের বিরুদ্ধে আবার অভিযোগ

বিতর্কিত সেই ডেভেলপারের বিরুদ্ধে আবার অভিযোগ - the Bengali Times
স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকায় এমন কিছু গাছ ছিল যেগুলি সংরক্ষিত এবং সেগুলির মালিকানা সিটি কর্তৃপক্ষের গাছ কাটার জন্য করাত হাতে কয়েকজন কর্মীকে দেখতে পেয়ে তাঁরা বিষয়টি নিয়ে আপত্তি জানান

ডেভেলপার সংস্থা মডসিটির বিরুদ্ধে ফের অবৈধভাবে কয়েক দশকের পুরনো গাছ কাটার অভিযোগ উঠেছে। এবার ঘটনাটি ঘটেছে এনারডেল রোডের একটি বাড়িকে ঘিরে। অভিযোগ, সংরক্ষিত গাছ কাটতে বাধা দিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন নির্মাণ সংস্থার কর্মীরা। এমনকি বাসিন্দাদের দিকে নাশপাতি ছোড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় এমন কিছু গাছ ছিল, যেগুলি সংরক্ষিত এবং সেগুলির মালিকানা সিটি কর্তৃপক্ষের। গাছ কাটার জন্য করাত হাতে কয়েকজন কর্মীকে দেখতে পেয়ে তাঁরা বিষয়টি নিয়ে আপত্তি জানান। এক বাসিন্দা জানান, তিনি এবং তাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে কর্মীদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে, সেখানে থাকা কয়েকটি গাছ সংরক্ষিত। কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর অভিযোগ, কথা বলার এক পর্যায়ে কর্মীরা তাঁদের দিকে ফল ছুড়তে শুরু করেন। ওই বাসিন্দার কথায়, “এটা খুবই দুঃখজনক। তারা কোনও কিছুরই তোয়াক্কা করছিল না।”

- Advertisement -

ঘটনাস্থলে থাকা একাধিক প্রতিবেশী মডসিটির কর্মীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করেছেন বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা রোহান সাডানাও সেখানে উপস্থিত ছিলেন। প্রতিবেশীরা গাছ কাটা বন্ধ করার জন্য তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে সাডানা একটি আধখাওয়া নাশপাতি তাঁদের দিকে ছুড়ে দেন বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে, সেই সময় মডসিটির আরেক কর্মী একের পর এক গাছ কাটতে থাকেন বলে অভিযোগ স্থানীয়দের।

বাসিন্দাদের অভিযোগ, শুধু ফল ছোড়াই নয়, তাঁদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা হয় এবং গাছ কাটার ক্ষেত্রে কোনও বাধা মানা হবে না বলেও জানানো হয়। এক বাসিন্দার দাবি, কর্মীরা তাঁদের কার্যত বুঝিয়ে দেন তাঁরা চাইলে গাছগুলি কেটে ফেলতে পারেন।

ঘটনার বিষয়ে মডসিটির অন্যতম প্রতিষ্ঠাতা রোহান সাডানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সিটিনিউজ। তাঁকে টেক্সট মেসেজ করে বাসিন্দাদের তোলা অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। তবে সাডানা বাসিন্দাদের দিকে ফল ছোড়ার অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। ড্যাভেনপোর্টের কাউন্সিলর আলহান্দ্রো ব্রাভো জানিয়েছেন, তাঁর ওয়ার্ডে মডসিটিকে ঘিরে যে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে, এটি তারই সাম্প্রতিকতম ঘটনা।

বাসিন্দাদের পাশাপাশি তিনিও ঘটনায় বিরক্ত বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, এলাকায় এমন ঘটনা বারবার ঘটতে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

পুরনো ও সংরক্ষিত গাছ কাটা নিয়ে মডসিটির বিরুদ্ধে ওঠা এই অভিযোগের জেরে ফের প্রশ্নের মুখে পড়েছে নির্মাণকাজের সময় স্থানীয় পরিবেশ ও সিটি কর্তৃপক্ষের বিধি মেনে চলার বিষয়টি।

- Advertisement -

Related Articles

Latest Articles