
বিদ্যালয়ে যাওয়ার কথা বলে স্কুলের পোশাক পরে বাড়ি থেকে বের হয়েছিল তিন বান্ধবী। তবে বিদ্যালয়ে না গিয়ে তারা ঘুরতে যাচ্ছিল স্থানীয় একটি পার্কে। সঙ্গে নিয়েছিল অতিরিক্ত জামাকাপড় ও দুপুরের খাবারও। শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাম্প্রতিক বন্যায় আশ্রয়ণের ঘরের ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে নিজ কার্যালয়ে ফিরছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। পথে স্কুলের পোশাক পরা তিন শিক্ষার্থীকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।
জিজ্ঞাসাবাদে তিন শিক্ষার্থী বিদ্যালয়ে না গিয়ে স্থানীয় একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা স্বীকার করে। পরে স্থানীয় নারী সদস্যের সহযোগিতায় তাদের কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। সেখানে ডেকে আনা হয় তাদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের।
অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার নিশ্চয়তা দিলে তিন শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর তাদের অভিভাবক ও শিক্ষকদের কাছে তুলে দিয়ে নিজ নিজ বিদ্যালয়ে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, বিদ্যালয় ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে যাওয়াকে শিক্ষার্থীরা হয়তো অপরাধ মনে করেনি। কিন্তু ১২ থেকে ১৫ বছর বয়সী এসব শিক্ষার্থীর নির্জন পার্কে ঘুরতে যাওয়া তাদের জীবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ডেকে আনতে পারত।
তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় স্থানীয় অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের মতে, ঘটনাটি অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

