চীনের সঙ্গে ইভি চুক্তি অন্টারিওর গাড়ি খাতের জন্য একটি সুযোগ: কার্নি

চীনের সঙ্গে ইভি চুক্তি অন্টারিওর গাড়ি খাতের জন্য একটি সুযোগ: কার্নি - the Bengali Times
রোববার এক সংবাদ সম্মেলনে কার্নি আরও বলেন চীনা কোম্পানিগুলোর সঙ্গে আমাদের সরাসরি আলোচনা হয়েছে

প্রিমিয়ার ডগ ফোর্ড ও কানাডার গাড়ি শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলোর তীব্র সমালোচনা সত্ত্বেও চীনের সঙ্গে স্বাক্ষরিত বৈদ্যুতিক গাড়ি (ইভি) সংক্রান্ত চুক্তিকে অন্টারিও ও দেশটির অটো শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

দোহার এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কার্নি বলেন, চীনের একাধিক বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কানাডায় কম দামের ইভি উৎপাদনে গভীর আগ্রহ দেখাচ্ছে। তাঁর মতে, এই আগ্রহ ভবিষ্যতে কানাডার স্থানীয় শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

- Advertisement -

রোববার এক সংবাদ সম্মেলনে কার্নি আরও বলেন, “চীনা কোম্পানিগুলোর সঙ্গে আমাদের সরাসরি আলোচনা হয়েছে। তারা কানাডিয়ান কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী এবং এখানে উৎপাদন সম্ভাবনা নিয়ে ভাবছে। এটি অন্টারিওর জন্য একটি সুযোগ, অন্টারিওর গাড়ি শ্রমিকদের জন্য একটি সুযোগ এবং সামগ্রিকভাবে কানাডার জন্য একটি সুযোগ।” তবে আলোচনায় জড়িত কোনো নির্দিষ্ট চীনা কোম্পানির নাম প্রকাশ করেননি প্রধানমন্ত্রী। সরকারি সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ের আলোচনায় বিনিয়োগ কাঠামো ও বাজার প্রবেশের শর্ত নিয়ে মতবিনিময় হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রী কার্নি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় মাত্র ৬ দশমিক ১ শতাংশ শুল্কে চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ি কানাডার বাজারে প্রবেশ করতে পারবে। তবে বার্ষিক সর্বোচ্চ ৪৯ হাজার চীনা ইভি আমদানির সীমা নির্ধারণ করা হয়েছে।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কানাডায় আমদানি করা মোট গাড়ির অন্তত ৫০ শতাংশের মূল্য ৩৫ হাজার মার্কিন ডলারের নিচে রাখতে হবে। সরকারের দাবি, এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের ক্রেতারা সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক গাড়ি কেনার সুযোগ পাবেন এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়বে।

তবে এই চুক্তি এমন এক সময়ে এসেছে, যখন ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কানাডা চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তখন চীনের বিরুদ্ধে অন্যায্য সরকারি ভর্তুকি ও উত্তর আমেরিকার বাজারে ‘ডাম্পিং’-এর অভিযোগ আনা হয়।

এই প্রেক্ষাপটে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড চুক্তিটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “এই চুক্তির ফলে কানাডায় সরাসরি বিনিয়োগের কোনো নিশ্চয়তা ছাড়াই সস্তা চীনা বৈদ্যুতিক গাড়িতে বাজার প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে স্থানীয় অটো শিল্প ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

গাড়ি শ্রমিকদের ইউনিয়নগুলোর পক্ষ থেকেও একই ধরনের উদ্বেগ জানানো হয়েছে। তাদের মতে, চীনা ইভি আমদানি বাড়লে স্থানীয় উৎপাদন ও চাকরি হুমকির মুখে পড়তে পারে।

তবে ফেডারেল সরকারের অবস্থান স্পষ্ট এই চুক্তিকে তারা শুধুই আমদানির বিষয় হিসেবে দেখছে না, বরং ভবিষ্যৎ বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং কানাডাকে বৈশ্বিক ইভি উৎপাদনের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা হিসেবেই বিবেচনা করছে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবে কতটা সুফল বয়ে আনবে, তা নির্ভর করবে চীনা কোম্পানিগুলোর বাস্তব বিনিয়োগ সিদ্ধান্ত এবং কানাডা সরকারের সুরক্ষামূলক নীতিমালার কার্যকর প্রয়োগের ওপর।

- Advertisement -

Related Articles

Latest Articles