আট আঞ্চলিক চেয়ার নিয়োগ করল ফোর্ড সরকার

আট আঞ্চলিক চেয়ার নিয়োগ করল ফোর্ড সরকার - the Bengali Times
অন্টারিওর গুরুত্বপূর্ণ আটটি মিউনিসিপালিটি অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য নতুন আঞ্চলিক চেয়ার নিয়োগ দিয়েছে প্রিমিয়ার ডগ ফোর্ডের সরকার

অন্টারিওর গুরুত্বপূর্ণ আটটি মিউনিসিপালিটি অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য নতুন আঞ্চলিক চেয়ার নিয়োগ দিয়েছে প্রিমিয়ার ডগ ফোর্ডের সরকার। নিয়োগ পাওয়া অঞ্চলগুলোর মধ্যে টরন্টোর আশপাশের ডারহাম, পিল, ইয়র্ক, হল্টন ও অন্যান্য বৃহৎ অঞ্চলও রয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে স্থানীয় প্রশাসনের ওপর প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়ানো হচ্ছে।

মিউনিসিপাল অ্যাফেয়ার্স অ্যান্ড হাউজিং মন্ত্রী রব ফ্লেক মঙ্গলবার এক বিবৃতিতে আটটি অঞ্চলের নতুন চেয়ারদের নাম ঘোষণা করেন। নিয়োগপ্রাপ্তরা হলেন ডারহাম, হল্টন, নায়াগ্রা, পিল, ওয়াটারলু ও ইয়র্ক রিজিয়ন, মাস্কোকা ডিস্ট্রিক্ট এবং সিমকো কাউন্টির দায়িত্বপ্রাপ্ত প্রধান।

- Advertisement -

মন্ত্রী ফ্লেক বলেন, বৈশ্বিক ও ভূরাজনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও অন্টারিওকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এবং প্রবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করতে এসব নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় প্রশাসন সম্পর্কে অভিজ্ঞতা, দক্ষতা এবং জনসেবা প্রদানের ক্ষেত্রে ভালো রেকর্ড রয়েছে এমন নেতাদের ওপর সরকারের আস্থার প্রতিফলন এই সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, নতুন চেয়াররা সংশ্লিষ্ট কাউন্সিলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মিউনিসিপালিটিগুলোর মধ্যে সমন্বয় বাড়াবেন। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা এবং কার্যকরভাবে জনসেবা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় কমিউনিটিগুলোকে বসবাস, কাজ ও পরিবার গড়ে তোলার জন্য আরও উপযোগী করে তুলবেন।

ঘোষণা অনুযায়ী, ডারহাম রিজিয়নের নতুন চেয়ার হয়েছেন পিকারিংয়ের মেয়র কেভিন অ্যাশ। হল্টন রিজিয়নের দায়িত্ব পেয়েছেন ওকভিলের সাবেক মেয়র অ্যান মুলভেল। নায়াগ্রা রিজিয়নের চেয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েল্যান্ডের সাবেক মেয়র ফ্রাঙ্ক ক্যাম্পিয়ন।

অন্যদিকে, পিল রিজিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে নান্দো ইয়ানিক্কাকে। ওয়াটারলু রিজিয়নের নতুন চেয়ার হয়েছেন কিচেনার সিটির ওয়ার্ড ১-এর কাউন্সিলর স্কট ডেভি। ইয়র্ক রিজিয়নের নেতৃত্ব দেবেন ভনের মেয়র স্টিভেন ডেল ডুকা। এ ছাড়া মাস্কোকা ডিস্ট্রিক্টের চেয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন প্যারি সাউন্ড-মাস্কোকা এলাকার এমপি স্কট এইচিসন। সিমকো কাউন্টির দায়িত্ব দেওয়া হয়েছে অরিলার বিদায়ী মেয়র ডন ম্যাকসাককে।

তবে সরকারের এই উদ্যোগকে সবাই ইতিবাচকভাবে দেখছেন না। বিরোধী রাজনৈতিক সমালোচকদের মতে, নির্বাচিত স্থানীয় প্রশাসনের ক্ষমতা ও স্বাধীনতা সীমিত করে কুইনস পার্কে প্রাদেশিক সরকারের কর্তৃত্ব আরও কেন্দ্রীভূত করার চেষ্টা করা হচ্ছে। নতুন চেয়ারদের নিয়োগের ফলে স্থানীয় কাউন্সিলগুলোর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং মিউনিসিপাল প্রশাসনে প্রাদেশিক সরকারের ভূমিকা কতটা পরিবর্তিত হয়, তা এখন দেখার বিষয়।

- Advertisement -

Related Articles

Latest Articles