
কানাডার অন্টারিও প্রদেশে দায়িত্ব পালনরত অবস্থায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের অভিযোগ উঠেছে। অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি)-এর ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছে সাউদার্ন জর্জিয়ান বে ওপিপি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি ঘটে চলতি বছরের ১৫ জানুয়ারি। ওই দিন সাউদার্ন জর্জিয়ান বে ওপিপি এলাকায় ইম্পেয়ার্ড ড্রাইভিং প্রতিরোধে একটি বিশেষ তদন্ত অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তী পরীক্ষায় চালকের শরীরে অ্যালকোহলের প্রভাব পাওয়া গেলে তাকে আটক করা হয়।
তদন্ত শেষে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে কানাডার ফৌজদারি আইনের ৩২০.১৪(১) ধারায় (ইম্পেয়ার্ড ড্রাইভিং) এবং ৩২০.১৪(১)(বি) ধারায় (রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল থাকা) অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি নিজেই ওপিপির একজন কর্মকর্তা এবং ঘটনার সময় তিনি দায়িত্বে নিয়োজিত ছিলেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় কমিউনিটি সেফটি অ্যান্ড পুলিশিং অ্যাক্ট অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাকে সবেতন সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ওপিপি প্রফেশনাল স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুসারে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে ওপিপি কর্তৃপক্ষ জানায়, বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এরই মধ্যে ওপিপি প্রফেশনায় স্টান্ডার্ড ইউনিট একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তদন্তে যদি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
পুলিশ আরও জানায়, আইন সবার জন্য সমান সে সাধারণ নাগরিক হোক বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ইম্পেয়ার্ড ড্রাইভিং জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি, এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

