কর পরিবর্তন আগামী বছরে বাস্তবায়ন

কর পরিবর্তন আগামী বছরে বাস্তবায়ন - the Bengali Times
কানাডায় আগামী বছর থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর সংক্রান্ত পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে যা সরাসরি প্রভাব ফেলবে করদাতাদের নিট আয় অর্থাৎ কর পরিশোধের পর তাদের হাতে কত টাকা থাকবে তার ওপর

কানাডায় আগামী বছর থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর-সংক্রান্ত পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলবে করদাতাদের নিট আয় অর্থাৎ কর পরিশোধের পর তাদের হাতে কত টাকা থাকবে তার ওপর। কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ) ইতোমধ্যে ২০২৬ সালের জন্য মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে হালনাগাদ ফেডারেল ট্যাক্স ব্র্যাকেট প্রকাশ করেছে।

সিআরএ জানায়, ২০২৬ সালের জন্য ট্যাক্স ব্র্যাকেট সূচিকরণের হার নির্ধারিত হয়েছে ২ শতাংশ। এই হার নির্ধারণে সংস্থাটি প্রতি বছর ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ব্যবহার করে থাকে। পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবার মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় সূচিকরণ হার কম নির্ধারিত হয়েছে।

- Advertisement -

২০২৫ সালে সূচিকরণ ছিল ২.৭ শতাংশ, ২০২৪ সালে ৪.৭ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৬.৩ শতাংশ, যখন মূল্যস্ফীতির চাপ ছিল তুলনামূলক বেশি। অর্থনীতিবিদদের মতে, সূচিকরণ হার কমে যাওয়া ইঙ্গিত দিচ্ছে যে দেশব্যাপী মূল্যস্ফীতির গতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে ফিরে আসছে।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নন-রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিটের সর্বনিম্ন সীমা এবং ক্রেডিটের পরিমাণ বাড়ানো হবে। একই তারিখ থেকে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) ক্রেডিট, কানাডা চাইল্ড বেনিফিট, এবং চাইল্ড ডিজঅ্যাবিলিটি বেনিফিট এই গুরুত্বপূর্ণ সুবিধাগুলোর হালনাগাদ পরিমাণও কার্যকর হবে। এতে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো কিছুটা স্বস্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেডারেল কর মূলত আপনার বার্ষিক আয়ের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। ২০২৬ সালের জন্য নির্ধারিত নতুন কর কাঠামো হল – $৫৮৫২৩ ডলার পর্যন্ত বার্ষিক আয়ে কর হার ১৪%, $৫৮,৫২৩ থেকে $১১৭,০৪৫ ডলার আয়ে কর হার ২০.৫%, $১১৭০৪৫ থেকে $১৮১,৪৪০ ডলার আয়ে কর হার ২৬%, $১৮১,৪৪০ থেকে $২৫৮,৪৮২ ডলার আয়ে কর হার ২৯%, $২৫৮,৪৮২ ডলারের বেশি বার্ষিক আয়ে কর হার ৩৩%। কর বিশেষজ্ঞদের মতে, নতুন সীমা কার্যকর হলে অনেক করদাতার ক্ষেত্রে কিছুটা করছাড় মিলতে পারে, কারণ মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয় সীমা বাড়ানো হলে নিচু করহারযুক্ত ব্র্যাকেটে থাকার সুযোগ তৈরি হয়।

নতুন কাঠামো কার্যকর হলে একজন সাধারণ কর্মজীবীর বছরে হাতে পাওয়া মোট আয়ে সামান্য হলেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বিশেষ করে যাদের আয় বৃদ্ধি মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে পর্যাপ্ত ছিল না। কর বিশ্লেষকদের মতে, সূচিকরণ হার কম হলেও ব্র্যাকেট সংশোধনের সুবিধা জনগণের কাছে প্রতিফলিত হবে।

তবে মোট করভার কমবে কিনা তা নির্ভর করবে ব্যক্তিগত মোট আয়, প্রযোজ্য কর ছাড়, এবং প্রাপ্য সুবিধার ওপর।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles