তুই কি মানুষ হয়ে গেলি নাকি?

তুই কি মানুষ হয়ে গেলি নাকি? - the Bengali Times
ছবিমনির বাবু

মুরগীটা রোজ একটা করে ডিম পারত। সেই ডিম হাটে বিক্রি করে চলত ওদের সংসার। একদিন ওর সামান্য জ্বর হয়। পরেরদিন সে ডিম পারতে পারে না। এই দেখে মোরগের মন খারাপ। তবুও ধারকর্জ করে সংসারের খরচ যোগাড় করে ফেলে। পরেরদিনও মুরগীর জ্বর ভালো হয় না। মোরগ মশাই একটু চিন্তিত হয়ে পড়ল। তিনদিন পর মোরগ চেঁচাতে শুরু করলো ‘হাজার মানা করেছি বৃষ্টিতে ভিজবে না, এখন সংসার তো লাটে উঠতে বসছে’। মুরগী অবাক হয়ে বলল আপনি ওভাবে চেঁচাচ্ছেন কেন? আর কক্ষনো মানুষের মত সামান্য কারণে উত্তেজিত হবেন না।

একটা বেড়ালকে একটা কুকুর তাড়া করে মাঠে নিয়ে এলো। বেড়ালটা একটু থেমে বলল, হে রে কুকুর। তুই কি মানুষ হয়ে গেলি নাকি? আমাকে ক্ষতবিক্ষত করে কী সুখ পাবি বল? এই বলে সে গাছে উঠে গেল। কুকুরের সাথে একটা বোমা ছিল। বোমাটা বিড়ালের গায়ে ছুড়ে মেরে সে দৌড়ে পালাল।

- Advertisement -

জীবন বাঁচাতে একটা মহিষ ছুটছে তো ছুটছে। পশুদের কেউ কেউ দূরে দাঁড়িয়ে সেলফি তুলল বটে কিন্তু বনের রাজা সিংহের ভয়ে কেউ এগিয়ে এলো না। কিছুক্ষণ পর মৃত মহিষের রক্তাক্ত দেহের দিকে দুটি কাক এগিয়ে এলো। তাদের একজন অন্যজনের দিকে ঠোট বাঁকিয়ে বলল, পশুগুলো দিনদিন কেমন যেন মানুষের মত হয়ে যাচ্ছে।

কিছু ফুল ফুটেছিল সবুজ ঘাসের সাথে মিতালি করে। মানুষ প্রতিদিন হাত পা মুখ ধুয়ে পবিত্র হয় সেখান থেকে কিছু জল ফিরে আসতো ফুলের ডগায়। একদিন খেলার মত করে খেলতে খলতে ঢুকে পরে এক গুলিওয়ালা। তাতেই ফুলগুলো নিজস্ব রঙ হারিয়ে রক্তজবা হয়ে যায়। মিনার থেকে আসা আহ্বানে আর জাগাতে পারে না। মানুষ মানুষকে আক্রমণ করে, ফুল ঝরে পড়ে মাটিতে।

এক ঝাঁক জালালি কবুতর গির্জার সানশেডে বাসা বানিয়ে বাক-বাকুম পায়রা জীবন কাটাচ্ছিল। একদিন ধারুম ধরুম শব্দে গির্জার মাঝখানে দাঁড়িয়ে থাকা যিশুর হাত পা খুলে পড়তে লাগলো। যীশুর চোখে তখন রক্ত। তুলতুলে কবুতরগুলো ভয়ে কেঁদে দিল। কান্না থামতে না থামতে কবুতরগুলোর চোখ দিয়েও রক্ত বেড়িয়ে এলো। ওরা বুঝতে পারেনি বোমের স্প্লিনটার ওদের শরীরেও ঠুকে গেছে। কবুতরগুলো যিশুকে ছেড়ে উড়ে গেল আকাশে। ওদের ডানা থেকে গড়িয়ে পড়তে লাগল রক্ত। মেঘগুলো লাল হয়ে গেল। আকাশটাও টুকটুকে লাল। ওরা জানে না শেষপর্যন্ত পৌছাতে পারবে কিনা নিরাপদ আশ্রয়ে। মসজিদ মন্দির গির্জা নয়, আকাশে।

এবার হেমন্ত মুখোপাধ্যায় গাইতে লাগলেন;

লজ্জা রাঙ্গা সিঁদুর রাঙ্গা, আর রাঙ্গা কৃষ্ণচূড়া

রাঙ্গা যে গো সাঁঝ আকাশের ঐ অস্ত রাগ

পায়রা, সবার চেয়েও রাঙ্গা তোমার আলতার ঐ দাগ।।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles