
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কৈশোরে বিষণ্ণতা এবং আত্মহত্যার প্রবণতা থেকে মুক্তি পেতে তিনি নিজেকে খুন করার জন্য একজন ‘কিলার’ ভাড়া করেছিলেন। এই চাঞ্চল্যকর তথ্যটি বহু বছর আগে প্রকাশিত হলেও, তার ব্যক্তিগত জীবনের এই ভয়াবহ দিকটি আজও বহু মানুষকে বিস্মিত করে।
তখন অ্যাঞ্জেলিনা জোলির বয়স ২০ বছর। ভয়াবহ হতাশা আর মানসিক অস্থিরতার মাঝে নিজেকে শেষ করার পরিকল্পনা করেন জোলি। আত্মহত্যা করলে পরিবার কষ্ট পাবে—এই ভাবনা থেকেই খুন হওয়াটাকে সহজ সমাধান ভেবেছিলেন। এজন্য যোগাযোগ করেছিলেন এক পেশাদার খুনির সঙ্গে।
কিন্তু সেই খুনি তাকে বলেন, ‘একবার নিজের জীবন নিয়ে পুনরায় ভেবে দেখো। এরপর পরবর্তী দুই মাসের মধ্যে আমাকে নতুন সিদ্ধান্ত জানাও।’
সেই কথাই বদলে দেয় জোলির জীবনের মোড়। আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। পর্দার ঝলকানির পেছনে লুকানো সেই অন্ধকার থেকেই তিনি আজ উঠে এসেছেন —একজন মা, এক মানবিক কর্মী, এবং এক অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে। হলিউডে নিজের শক্ত অবস্থান গড়েছেন অসংখ্য ছবির মাধ্যমে।
একটি ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন, আমি মরে যেতে চাইতাম। কিন্তু আমার মনে হতো আমি যদি নিজেকে শেষ করে দিই, তাহলে আমার মা কিংবা কাছের মানুষদের মনে হত যে তারা আমার জন্য যথেষ্ট নয়। আমি ওদের মনে কষ্ট দিতে চাইনি। তাই এমন একটি পরিকল্পনা করেছিলাম, যাতে আমার মৃত্যুর পর বাকিদের মনে হয় যেন আমি খুন হয়েছি।

