
বিশ্বসুন্দরীর মুকুট উঠল স্বাগতিক দেশের প্রতিযোগীর মাথায়। জমকালো আয়োজন ও নানা ধাপের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর খেতাব জিতে নিয়েছেন পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার বারেত্তো। এর মধ্য দিয়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসরে নিজের দেশের জন্য সম্মান বয়ে আনলেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
চূড়ান্ত পর্বের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩০ জনকে বেছে নেওয়া হয়। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে সেরা ১২ জন এবং ইভনিং গাউন পর্ব শেষে চূড়ান্ত পাঁচ প্রতিযোগী নির্বাচিত হন।
সেরা পাঁচে জায়গা করে নেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ।
এরপর শুরু হয় প্রতিযোগিতার শেষ ও গুরুত্বপূর্ণ পর্ব। সেখানে বিচারকদের দুটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রত্যেক প্রতিযোগীকে। প্রথম প্রশ্নটি ছিল আলাদা, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য অভিন্ন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় বরাদ্দ ছিল মাত্র ৩০ সেকেন্ড।
সব ধাপের পারফরম্যান্স ও বিচারকদের মূল্যায়ন শেষে জেনিফার বারেত্তোকে বিজয়ী ঘোষণা করা হয়।
এবারের বিজয়ীর মাথায় শোভা পাচ্ছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনা ও ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে তৈরি মুকুটটি জেনিফারের মাথায় পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।
বিশ্বসুন্দরীর মুকুট জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে নতুন করে আলোচনায় এলেন পুয়ের্তো রিকোর এই সুন্দরী।

