
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট ব্যবহার করেন না, তাই ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়ও নেই—এমন ধারণা ভুল হতে পারে। কারণ, আপনার পরিবারের সদস্য, বন্ধু কিংবা পরিচিত কেউ এআইয়ের সঙ্গে কথোপকথনে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করলেও তা ঝুঁকির মুখে পড়তে পারে। এমনকি সংশ্লিষ্ট এআই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা দেউলিয়া হলে এসব কথোপকথন তৃতীয় পক্ষের হাতে যাওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে।
সম্প্রতি জনপ্রিয় চ্যাটবট প্রতিষ্ঠান ‘ক্যারেক্টার ডট এআই’-এর দেউলিয়াত্বের ঘটনা নতুন করে সামনে এনেছে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টি। বিশেষজ্ঞদের মতে, এআইয়ের সঙ্গে মানুষের ব্যক্তিগত কথোপকথন কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক নিরাপত্তার প্রশ্ন।
অন্যের কথায়ও ফাঁস হতে পারে আপনার তথ্য
অনেকেই একাকিত্ব কাটাতে, সম্পর্কের জটিলতা নিয়ে পরামর্শ নিতে কিংবা মনের কথা বলতে এআই চ্যাটবটের সাহায্য নেন। এ সময় নিজের পাশাপাশি পরিবারের সদস্য ও বন্ধুদের ব্যক্তিগত বিষয়ও কথোপকথনে উঠে আসে।
ধরা যাক, কেউ তাঁর পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে চ্যাটবটের কাছে পরামর্শ চাইলেন। সেখানে তিনি ওই ব্যক্তির নাম, ঠিকানা, পারিবারিক সমস্যা কিংবা ব্যক্তিগত কোনো গোপন তথ্য জানিয়ে দিলেন। এতে যিনি চ্যাটবট ব্যবহার করছেন না, তাঁর তথ্যও অজান্তে ডিজিটাল তথ্যভান্ডারে জমা হয়ে যেতে পারে।
কোনো এআই প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে বন্ধ হয়ে গেলে কিংবা দেউলিয়া হলে এসব কথোপকথনের তথ্যভান্ডার ব্যবসায়িক সম্পদ হিসেবে বিক্রি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিমালায় কোম্পানির মালিকানা পরিবর্তন বা ব্যবসা বিক্রির ক্ষেত্রে তথ্য হস্তান্তরের বিধানও থাকতে পারে।
কেন বাড়ছে উদ্বেগ
অনলাইন হয়রানি, ব্ল্যাকমেল কিংবা ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা ইতোমধ্যে ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এর মধ্যে ব্যক্তিগত কথোপকথন বা স্পর্শকাতর তথ্য অচেনা ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের হাতে চলে গেলে ভুক্তভোগীকে মানসিক ও সামাজিক বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে।
বিশেষ করে শিশু-কিশোর ও তরুণেরা অনেক সময় চ্যাটবটকে বন্ধু বা বিশ্বস্ত পরামর্শদাতা মনে করে নিজেদের একান্ত অনুভূতি ও সংকটের কথা জানায়। ফলে এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
এআই কোম্পানি বন্ধ হলে কী হবে?
বর্তমানে এআই খাতে বিপুল বিনিয়োগ ও ব্যয় হচ্ছে। অর্থনীতিবিদদের অনেকে এ পরিস্থিতিকে ‘এআই বাবল’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সম্ভাব্য বিনিয়োগ বুদ্বুদ হিসেবে দেখছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন বাজার বিশ্লেষক এ খাতের বিপুল ব্যয় ও ভবিষ্যৎ আয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন নতুন এআই মডেলের প্রতিযোগিতায় অনেক প্রতিষ্ঠান প্রত্যাশিত আয় করতে না পারলে আর্থিক সংকটে পড়তে পারে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, বিনিয়োগে বড় ধরনের ধস নামলে অনেক এআই স্টার্টআপ ও প্রতিষ্ঠান ব্যবসা টিকিয়ে রাখতে ব্যর্থ হতে পারে। তখন ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও তথ্যের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হবে।
ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যা করবেন
এ ধরনের ঝুঁকি এড়াতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না: এআই চ্যাটবট কিংবা অনলাইন প্ল্যাটফর্মে নিজের বা পরিবারের সদস্যদের ঠিকানা, আর্থিক তথ্য, ব্যক্তিগত সম্পর্কের গোপন বিষয় কিংবা স্পর্শকাতর তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
পরিবারের সদস্যদের সচেতন করুন: পরিবারের কেউ কোন ধরনের চ্যাটবট বা অনলাইন সেবা ব্যবহার করছেন এবং সেখানে কী তথ্য দিচ্ছেন, তা নিয়ে খোলামেলা আলোচনা করুন। বিশেষ করে শিশু-কিশোরদের সতর্ক করুন।
অব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করুন: যেসব অ্যাপ বা এআই সেবা আর ব্যবহার করছেন না, সেগুলোর গোপনীয়তা-সংক্রান্ত সেটিংস থেকে অ্যাকাউন্ট ও সংরক্ষিত তথ্য মুছে ফেলার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করুন।
প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করছে, সন্দেহ নেই। তবে ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। নিজের অসতর্কতার পাশাপাশি কাছের মানুষের একটি অসচেতন পদক্ষেপও আপনার গোপনীয়তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
সূত্র: বিবিসি

