লেপের নিচে লুকিয়ে রেখেছিলেন কিশোরীকে, ধরা পড়ে ইমাম বললেন ‘ভুল করিলাইছি

লেপের নিচে লুকিয়ে রেখেছিলেন কিশোরীকে, ধরা পড়ে ইমাম বললেন ‘ভুল করিলাইছি - the Bengali Times
অভিযুক্ত সাদিকুর রহমানকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা

সুনামগঞ্জের শাল্লায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একটি মসজিদের ইমামের বিরুদ্ধে। অভিযোগ, চায়ের পাতা কিনতে যাওয়ার পথে ওই কিশোরীকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান তিনি। পরে দুই স্কুলছাত্রের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ইমামের কক্ষে গিয়ে লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের একটি মসজিদে এ ঘটনা ঘটে। পরে বিকেলে অভিযুক্ত সাদিকুর রহমানকে (৪২) পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

- Advertisement -

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই কিশোরী মসজিদের পাশের একটি দোকান থেকে চায়ের পাতা কিনতে যাচ্ছিল। এ সময় মসজিদের ইমাম সাদিকুর রহমান তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি দুই স্কুলছাত্রের নজরে পড়ে। তারা দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ইমামের কক্ষে গিয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন তাঁরা। পরে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সাদিকুর রহমান কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তাঁর দাবি, কিশোরী নিজেই তাঁর কক্ষে ঢুকেছিল। তিনি তার হাত ধরেছিলেন। পরে লোকজন দেখে ফেলতে পারে—এই আশঙ্কায় তাকে লেপ দিয়ে ঢেকে রাখেন।

এ সময় তিনি বলেন, ‘অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমি গরিব মানুষ। একটা ঘর ছাড়া আমার বাবার কিছুই নেই। আমারে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেইন।’

কিশোরীকে উদ্ধারকারী নাজির উদ্দিন বলেন, সকালে দুই স্কুলছাত্র এসে তাঁদের জানায়, ইমাম ওই মেয়েকে টেনে নিজের কক্ষে নিয়ে গেছেন। পরে তাঁরা ইমামের কক্ষে ঢুকে লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করেন। সবার সামনে ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন বলেও জানান তিনি।

অভিযুক্ত সাদিকুর রহমান প্রায় ১১ মাস ধরে ওই মসজিদে ইমামতি করছেন। তাঁর বাড়ি শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাদিকুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles