
ময়মনসিংহ নগরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার নির্দেশনায় মিছিলে অংশ নিয়েছিল তারা। এ জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়ার কথা ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকায় ৩০ থেকে ৪০ জন কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সেলিম মিয়ার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মাহমুদ মুক্তাদির (১৬) নামের এক কিশোরকে আটক করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করে পুলিশ। তারা হলো সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। তাদের সবার বাড়ি ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরেরা পুলিশকে জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কয়েকজনের নির্দেশনায় তারা মিছিলে অংশ নেয়। এ জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। এ ঘটনায় জাবির, আবিদ, আবির ও মাইনসহ কয়েকজনের নামও জানিয়েছে তারা।
কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের মিছিলে ব্যবহার করার তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, আটক ছয় কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

