
বিয়ের সব আয়োজন সম্পন্ন। বরযাত্রী, আত্মীয়স্বজন ও কাজি—সবাই উপস্থিত। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা। ঠিক সেই সময় বোরকা পরা এক তরুণী বরের জন্য নিয়ে এলেন বিশেষ মিষ্টি। তবে মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বিয়ে না করেই বাড়ি ফিরে যান বর।
স্থানীয়দের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তারের (২০) বাড়ি মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামে। তার বাবা নিজাম উদ্দিন ওরফে ওলাম।
বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে তারা তাওফিকুরকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। সন্ধ্যার আগে বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। এ সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এগুলো শুধু বর খাবেন, অন্য কেউ নয়।
বজলুর রহমানের ভাষ্য, মিষ্টি মুখে দেওয়ার সময় তাতে অস্বাভাবিক গন্ধ পান বর। বিষয়টি জানালে তারা মিষ্টি পরীক্ষা করে বিষ মেশানোর সন্দেহ করেন। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পান। পরে মিষ্টি রেখে দ্রুত সেখান থেকে চলে যান তিনি।
বজলুর রহমান আরও জানান, বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের সদস্যরাও তাকে চেনেন না বলে জানান। আতঙ্কিত হয়ে তারা বরকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে বরপক্ষ বাড়ি ফিরে যাওয়ায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক হাসপাতালে আসেন। স্বজনদের দাবি, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার জানান, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন—এমন কথা তিনি শুনেছেন। তবে ঘটনার সত্যতা নিজে নিশ্চিত হতে পারেননি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তার জানা নেই। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগের সত্যতা এখনো পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়নি।

