
ব্রাজিলের নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। তাঁর এই ছবি ও পোস্ট ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
একসময় স্পেনের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ব্রাজিলিয়ান ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। সেখানে প্রায় দেড় বছর কাটানোর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। এরপর প্রথমবার ওমরাহ পালন করেন। কয়েক মাসের ব্যবধানে আবারও পবিত্র মক্কায় গিয়ে এই ইবাদত সম্পন্ন করলেন সুজা।
ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম ক্যাথলিন সুজার। জাতীয় দলের হয়ে সেন্টারব্যাক পজিশনে খেলেন তিনি। নিজের শহরে নারীদের ফুটবলে সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কলেজ পর্যায়েও ফুটবল খেলেছেন।
পড়াশোনা শেষে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন সুজা। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছেন তিনি। ইউরোপের অধ্যায় শেষ করে ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের আল নাসর নারী দলে যোগ দেন। পরে ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরবের আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে আসে। সে সময় আল নাসর নারী দল একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জানায়। ভিডিওর ক্যাপশনে সুজার নতুন জীবনের এই অধ্যায়ে তাঁর জন্য স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়েছিল।
শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালন করেছিলেন এই ফুটবলার। এবার কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

