সিআইবিসি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ ফিরে পেতে আবেদনের সময় শেষ হচ্ছে

সিআইবিসি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ ফিরে পেতে আবেদনের সময় শেষ হচ্ছে - the Bengali Times
ক্লাস অ্যাকশন মামলায় অভিযোগ করা হয়েছিল সিআইবিসি ও রেনেসাঁ মিউচুয়াল ফান্ড ডিসকাউন্ট ব্রোকারদের যে দীর্ঘমেয়াদি কমিশন প্রদান করেছে তা যথাযথ ছিল না

সিআইবিসি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত একটি ক্লাস অ্যাকশন মামলার নিষ্পত্তিতে নির্ধারিত ১ কোটি ১০ লাখ ডলারের ক্ষতিপূরণ তহবিলের অংশ পেতে যোগ্য বিনিয়োগকারীদের হাতে সময় রয়েছে আর মাত্র এক সপ্তাহ। আগামী ১৮ নভেম্বর, ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে এই অর্থ পাওয়ার সুযোগ হারাতে পারেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা।

মামলার শর্ত অনুযায়ী, ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর বা তার আগে সিআইবিসি অথবা রেনেসাঁ ইনভেস্টমেন্টসের মিউচুয়াল ফান্ডের ইউনিট যাদের মালিকানায় ছিল, তারা এই ক্ষতিপূরণের জন্য যোগ্য হতে পারেন। তবে ডিসকাউন্ট ব্রোকারের মাধ্যমে কেনা মিউচুয়াল ফান্ড ইউনিটের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

- Advertisement -

ক্লাস অ্যাকশন মামলায় অভিযোগ করা হয়েছিল, সিআইবিসি ও রেনেসাঁ মিউচুয়াল ফান্ড ডিসকাউন্ট ব্রোকারদের যে দীর্ঘমেয়াদি কমিশন প্রদান করেছে, তা যথাযথ ছিল না। সাধারণত মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের বিনিয়োগের হিসাব দেখাশোনা ও পরামর্শ দেওয়ার বিনিময়ে আর্থিক উপদেষ্টা বা ব্রোকারদের বার্ষিক কমিশন দিয়ে থাকে।

মামলার বাদীপক্ষের দাবি ছিল, ডিসকাউন্ট ব্রোকারদের এমন কমিশন দেওয়া হয়েছে, যা তাদের প্রকৃত সেবা বা কাজের তুলনায় অযৌক্তিকভাবে বেশি এবং অর্জিত নয়। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের ওপর অর্পিত দায়িত্ব ও আস্থার সম্পর্ক যথাযথভাবে রক্ষা করেনি বলে অভিযোগ করা হয়।

রেনেসাঁ ইনভেস্টমেন্টস পরিচালনা করে সিআইবিসির সহযোগী প্রতিষ্ঠান সিআইবিসি অ্যাসেট ম্যানেজমেন্ট ইনকরপোরেশন। মামলায় কানাডিয়ান ইম্পেরিয়াল ব্যাংক অব কমার্স (সিআইবিসি), সিআইবিসি ট্রাস্ট করপোরেশন এবং সিআইবিসি অ্যাসেট ম্যানেজমেন্টকে বিবাদী করা হয়েছিল।

তবে বিবাদী প্রতিষ্ঠানগুলো মামলার অভিযোগ অস্বীকার করেছে। ১ কোটি ১০ লাখ ডলারের এই সমঝোতা কোনো ধরনের দায় স্বীকার বা অনিয়মের প্রমাণ হিসেবে বিবেচিত হবে না বলে নিষ্পত্তির শর্তে উল্লেখ করা হয়েছে।

যোগ্য বিনিয়োগকারীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ধারিত সময়সীমার মধ্যে ক্ষতিপূরণের আবেদন সম্পন্ন করা। আগামী ১৮ নভেম্বর, ২০২৬ আবেদনের শেষ দিন। তাই সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নিজেদের যোগ্যতা যাচাই করে সময়মতো আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles