
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে ধাক্কাধাক্কি ও বিতর্কিত আচরণের অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমনি। ৫ নভেম্বরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে যান পরীমনি। এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে মামলাটি অন্য আদালতে বদলি হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে আগামী ২৩ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালতের আদেশের পর সিঁড়ি দিয়ে নামার সময় সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আপনারা না আমাকে বয়কট করলেন!’
পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ছয় বছর ধরে আদালতে আসা-যাওয়া করছেন। এ সময়ে কারও সঙ্গে কখনো দুর্ব্যবহার করেছেন—এমন অভিযোগ কেউ করতে পারবেন না বলে দাবি করেন তিনি।
৫ নভেম্বরের ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে পরীমনি বলেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ (স্পর্শ) করছ? তখন সে কার্ড শো করে বলল, “আমি কিন্তু সাংবাদিক।” তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি করো আমার সঙ্গে?’
এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গত ৫ নভেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।
এ সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে অভিনেত্রী অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছিলেন।
তবে পরীমনির অভিযোগ অস্বীকার করেন রবিউল হোসাইন। তাঁর দাবি, পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। পুরো ঘটনা ভিডিওতে ধারণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গত ৮ নভেম্বর পরীমনিকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
৫ নভেম্বরের সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই পরীমনির নতুন মন্তব্য ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে।

