১০২ তলা ভবনের চূড়ায় বিয়ের প্রস্তাব, এবার যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের মুখে রুশ যুগল

১০২ তলা ভবনের চূড়ায় বিয়ের প্রস্তাব, এবার যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের মুখে রুশ যুগল - the Bengali Times
ভালোবাসার বার্তা দিতে গিয়ে নিউইয়র্কের ১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ার এক যুগল

ভালোবাসার বার্তা দিতে গিয়ে নিউইয়র্কের ১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ার এক যুগল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সেই রোমাঞ্চকর কাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। কিন্তু সেই দুঃসাহসিক অভিযানের জেরেই এবার যুক্তরাষ্ট্রে আইনি ও অভিবাসনসংক্রান্ত সংকটে পড়েছেন তাঁরা। মামলার সমঝোতার প্রস্তাব প্রত্যাহার হওয়ায় দেশটি থেকে বিতাড়নের আশঙ্কা তৈরি হয়েছে অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান কুজনেতসভের।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলা ও ৩২ বছর বয়সী ইভান রাশিয়ার মস্কো থেকে আসা। গত জুলাইয়ে তাঁরা নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সর্বোচ্চ অংশে উঠে পড়েন। সেখানে একটি পতাকাও প্রদর্শন করেন তাঁরা। পতাকায় লেখা ছিল, ‘যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি ভালোবাসাকে পরাজিত করে, তখন বিশ্বশান্তির বার্তা পায়।’

- Advertisement -

এরপর ভবনের চূড়ায় দাঁড়িয়েই অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন ইভান। তাঁদের এই ব্যতিক্রমী আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।

তবে সেই রোমাঞ্চকর মুহূর্তের পরিণতি এখন বেশ কঠিন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে মামলা নিষ্পত্তির বিষয়ে আলোচনা চললেও শেষ মুহূর্তে সমঝোতার প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়।

গত ১২ নভেম্বর নিউইয়র্কের একটি ফৌজদারি আদালতে শুনানিতে হাজির হন এই যুগল। শুনানির সময় যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কা তৈরি হয় তাঁদের। আদালতে অ্যাঞ্জেলাকে আবেগাপ্লুত ও কাঁদতে দেখা যায়।

শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইভান বলেন, তাঁরা কোনো সম্পত্তির ক্ষতি করেননি কিংবা কাউকে বিপদে ফেলার উদ্দেশ্যেও সেখানে যাননি। কেবল ভালোবাসার একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন। নিজেদের নির্দোষ প্রমাণে আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

অ্যাঞ্জেলা বলেন, তাঁরা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। বর্তমান পৃথিবীর নানা দুঃখ-কষ্টের মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো একটি শৈল্পিক পরিবেশনা তৈরি করাই ছিল তাঁদের উদ্দেশ্য।

যুগলটির আইনজীবী নোয়াম বিয়ালে জানান, প্রসিকিউটরদের পক্ষ থেকে একটি সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে অপেক্ষাকৃত লঘু অপরাধের অভিযোগে দোষ স্বীকার করলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের কঠিন পরিণতি এড়ানোর সুযোগ ছিল। কিন্তু শুনানির ঠিক আগের রাতে সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়।

আইনজীবীর আশঙ্কা, রাশিয়ায় ফেরত পাঠানো হলে তাঁদের দুজনের জীবনই ঝুঁকির মুখে পড়তে পারে। ইভানকে দেশে ফেরত পাঠানো হলে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হতে পারে। অন্যদিকে, অ্যাঞ্জেলা তাঁর শিল্পীসুলভ অভিব্যক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডের কারণে কারাবন্দি হতে পারেন বলে দাবি করেছেন আইনজীবী।

এদিকে এই যুগলের প্রেম ও বিপজ্জনক উচ্চতায় ওঠার নেশা নিয়ে তৈরি হয়েছে নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’। ২০২৪ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে এর উদ্বোধনী প্রদর্শনী হয়। এতে তাঁদের প্রেমের সম্পর্কের পাশাপাশি উঁচু ভবনের চূড়ায় ওঠার ঝুঁকিপূর্ণ অভিযান তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনে অবস্থিত এম্পায়ার স্টেট বিল্ডিং ১০২ তলাবিশিষ্ট। ১৯৩০ সালে এর নির্মাণকাজ শুরু হয়। মাত্র এক বছর ৪৫ দিনে নির্মাণ শেষ হওয়ার পর ১৯৩১ সালের ১ মে ভবনটি উদ্বোধন করা হয়।

ছাদ পর্যন্ত ভবনটির উচ্চতা ১ হাজার ২৫০ ফুট এবং চূড়ার অ্যান্টেনাসহ মোট উচ্চতা ১ হাজার ৪৫৪ ফুট। ১৯৭০ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার নির্মাণের আগপর্যন্ত প্রায় ৪০ বছর এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। বর্তমানে ভবনটির ৮৬তম ও ১০২তম তলায় পর্যবেক্ষণকেন্দ্র রয়েছে, যেখান থেকে নিউইয়র্ক শহরের দৃশ্য দেখতে প্রতিবছর অসংখ্য পর্যটক ভিড় করেন।

ভালোবাসা ও বিশ্বশান্তির বার্তা দিতে গিয়ে যে অভিযান তাঁদের বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছিল, সেটিই এখন তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles