আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী

আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী - the Bengali Times
যুক্তরাষ্ট্রে বসবাসের আইনি বৈধতা পেতে সাক্ষাৎকার দিতে গিয়ে আটক হয়েছেন মার্কিন সেনাবাহিনীর এক সদস্যের স্ত্রী

যুক্তরাষ্ট্রে বসবাসের আইনি বৈধতা পেতে সাক্ষাৎকার দিতে গিয়ে আটক হয়েছেন মার্কিন সেনাবাহিনীর এক সদস্যের স্ত্রী। ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টের স্ত্রী ডেইজি ফিদেলিনা রিভেরা ওর্তেগাকে এবার তৃতীয় কোনো দেশে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। মেক্সিকোতে তাকে পাঠানোর আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবারটি।

গত ১৪ এপ্রিল টেক্সাসের এল পাসো শহরে অভিবাসনবিষয়ক সাক্ষাৎকারে অংশ নিতে গেলে ডেইজিকে আটক করে কর্তৃপক্ষ। তিনি মার্কিন সেনাবাহিনীর ফার্স্ট ক্লাস সার্জেন্ট হোসে সেরানোর স্ত্রী।

- Advertisement -

ডেইজি ‘প্যারোল ইন প্লেস’ কর্মসূচির আওতায় আইনি মর্যাদা পাওয়ার আবেদন করেছিলেন। মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের নথিপত্রহীন পরিবারের সদস্যদের বৈধভাবে বসবাসের সুযোগ করে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তার স্বামী হোসে সেরানো বর্তমানে ফোর্ট ব্লিস সেনাঘাঁটিতে কর্মরত। কর্মজীবনে তিনি তিনবার আফগানিস্তানে সামরিক দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, ডেইজি আইএইচজি আর্মি হোটেলে কাজ করেন। ২০৩০ সাল পর্যন্ত তার বৈধ কাজের অনুমতিপত্র রয়েছে। এমনকি ২০১৯ সালে একজন অভিবাসন বিচারক তাকে এল সালভাদরে নির্বাসনের হাত থেকে আইনি সুরক্ষাও দিয়েছিলেন। তবে তার আইনজীবীর দাবি, বর্তমানে তাকে মেক্সিকোতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। অথচ দেশটির সঙ্গে ডেইজি কিংবা তার স্বামীর কোনো পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, ডেইজি অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন এবং তার বিরুদ্ধে চূড়ান্ত অপসারণের নির্দেশ রয়েছে। তবে এ দাবির বিরোধিতা করেছেন তার আইনজীবী। তাদের যুক্তি, ২০১৯ সালে পাওয়া আইনি সুরক্ষার কারণে তাকে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই।

এ পরিস্থিতিতে ডেইজির আইনজীবীরা ফেডারেল আদালতের দ্বারস্থ হয়েছেন। নির্বাসন ঠেকাতে এবং তার আইনি অধিকার প্রতিষ্ঠায় আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

স্ত্রীর আটকের ঘটনায় গভীর মানসিক সংকটে পড়েছেন সার্জেন্ট সেরানো। তিনি জানিয়েছেন, সামরিক বাহিনীর ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে মেক্সিকোতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করাও তার জন্য কঠিন হবে। দেশের নিরাপত্তায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেও পরিবারের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তিনি।

এখন আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পরিবারটি। আইনি লড়াইয়ের মাধ্যমে স্ত্রীকে মুক্ত করা এবং যুক্তরাষ্ট্রে তার বসবাসের অধিকার নিশ্চিত করতে পারবেন বলে আশা করছেন সেরানো।

- Advertisement -

Related Articles

Latest Articles