
জাতীয় সংসদে বসেও মোবাইল ফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। গত ৮ থেকে ১০ দিন ধরে বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তবে গত দুই দিনে এসব হুমকি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের কাছে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মাহমুদা মিতু।
তিনি জানান, দেশে ককটেল হামলা ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার পর থেকেই তার প্রতি হুমকির ঘটনা বাড়তে থাকে। প্রথমদিকে বিষয়গুলো গুরুত্ব না দিলেও গত দুই দিন ধরে সংসদের সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র অশালীন ভাষায় তাকে হত্যার পাশাপাশি ধর্ষণের হুমকি দিচ্ছে।
মাহমুদা মিতু বলেন, একজন সংসদ সদস্যকে নিজের নিরাপত্তার জন্য থানায় গিয়ে জিডি করতে হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। শুধু তিনি নন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরাও বিভিন্ন ধরনের হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন।
নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হুমকির পেছনে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি কূটনৈতিক বিষয়ও জড়িত বলে দাবি করেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট নিজের কাছে রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান মাহমুদা মিতু। তার ভাষ্য, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে সরকারকে আনুষ্ঠানিকভাবে এর জবাব চাইতে হবে। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরুর দাবিও জানান তিনি।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার বিষয়টিও তুলে ধরেন মাহমুদা মিতু। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের কার্যক্রম সম্ভব নয় বলে জানানো হয়েছিল। কিন্তু নির্বাচিত সরকারের আমলে এমন ঘটনা ঘটায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের কাছে থাকা নথি ও তথ্যের ভিত্তিতে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হবে কি না, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। একই সঙ্গে বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হবে, তা-ও জানতে চান তিনি।

