দেনমোহর ২ লাখ, বিচ্ছেদের দিন ৫০ লাখ টাকা লেনদেন নারী সার্জেন্টের

দেনমোহর ২ লাখ, বিচ্ছেদের দিন ৫০ লাখ টাকা লেনদেন নারী সার্জেন্টের - the Bengali Times
নারী সার্জেন্ট সাবিহা আক্তার

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নারী সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ ঘিরে ৫০ লাখ টাকা লেনদেনের তথ্য সামনে এসেছে। তাঁদের বিয়ের কাবিননামায় দেনমোহর নির্ধারিত ছিল ২ লাখ টাকা। এর মধ্যে বিয়ের সময় পরিশোধ করা হয় মাত্র ১০ হাজার টাকা। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত থাকলেও বিচ্ছেদের দিন মাহবুব আলমের কাছ থেকে সাবিহা ৫০ লাখ টাকা পেয়েছিলেন বলে দাবি করেছেন তাঁদের ঘনিষ্ঠজন সাইফুল ইসলাম।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সাইফুল ইসলাম। এ সময় তিনি সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের কাগজপত্রও দেখান। তাঁর দাবি, ২০২২ সালের ৩০ আগস্ট বিচ্ছেদের দিনই মাহবুব আলম ৫০ লাখ টাকা দিয়েছিলেন।

সাইফুল ইসলাম জানান, নিজের এফডিআর ভেঙে এবং বিভিন্নজনের কাছ থেকে ধার করে ওই অর্থের ব্যবস্থা করেছিলেন মাহবুব আলম। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথমে নগদে টাকা দেওয়া হয় সাবিহার হাতে। পরে তাঁর মালিকানাধীন রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে ৫০ লাখ টাকা জমা হয়। একই দিন ওই অর্থ সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম স্বীকার করেন, এত বড় অঙ্কের টাকা নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা তাঁর ঠিক হয়নি। তবে কাবিননামায় দেনমোহর ২ লাখ টাকা নির্ধারিত থাকার পরও বিচ্ছেদের সময় কেন ৫০ লাখ টাকা লেনদেন হয়েছিল, সে বিষয়ে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

সম্প্রতি সার্জেন্ট সাবিহার ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে অর্থের উৎস ও লেনদেনের কারণ নিয়ে এত দিন সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

নিকাহনামার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজি অফিসে তাঁদের বিয়ে হয়। কাজি মো. জিল্লুর রহমান বিয়ে পড়ান। কাবিননামায় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ২ লাখ টাকা। এর মধ্যে একটি সোনার নাকফুল ও একটি ব্রেসলেটের মূল্য বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles