
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি থেকে এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় পুলিশের সেই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। শেষ পর্যন্ত পুলিশের হেফাজতে পাঠানোর আবেদন নাকচ করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের বান্দ্রা আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এ ঘটনায় বান্দ্রা থানায় অভিযোগ করেন সোনাক্ষী সিনহা। তাঁর অভিযোগ, দিল্লির এক ব্যক্তি কৃত্রিম প্রযুক্তির সাহায্যে তাঁর নগ্ন ছবি বিকৃতভাবে তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মুম্বাই পুলিশ। অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয় আরিয়ান দীপক জৈন নামের এক যুবককে। শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানা এলাকার কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরে তাঁকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়।
বান্দ্রা আদালতে হাজির করে অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী দল। পুলিশের যুক্তি ছিল, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরিতে কোন কোন ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তবে অভিযুক্তের আইনজীবীরা আদালতে গ্রেপ্তারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, গ্রেপ্তারের কারণ জানিয়ে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি। এমনকি দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার আগে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে অভিযুক্তকে হাজির করার বাধ্যতামূলক প্রক্রিয়াও অনুসরণ করেনি পুলিশ।
আইনজীবীরা আরও দাবি করেন, অভিযোগকারী পরিচিত অভিনেত্রী হওয়ায় পুলিশ তাড়াহুড়ো করে গ্রেপ্তারের পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করেছেন।
সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বাই আদালতে হাজির করা হলেও মাঝের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দিল্লির নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে তাঁকে হাজির না করার সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেনি পুলিশ।
আদালত আরও উল্লেখ করে, অভিযুক্তের বিরুদ্ধে আনা ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে কাউকে গ্রেপ্তার বা আটক করার ক্ষেত্রে আইন নির্ধারিত নিয়ম মানা বাধ্যতামূলক।
এসব বিষয় বিবেচনায় পুলিশের গ্রেপ্তারি প্রক্রিয়ায় আইনি ত্রুটি রয়েছে বলে জানিয়ে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেন আদালত।

