
ইথিওপিয়ার উচ্চভূমিতে চারণভূমিতে ঘাস খেতে এসে একে অপরের ঘনিষ্ঠ সঙ্গী হয়ে উঠেছে একটি ষাঁড় ও একটি পুরুষ গাধা। ভিন্ন প্রজাতির এই দুই প্রাণীর মধ্যে গড়ে উঠেছে বিরল সমকামী সম্পর্ক। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে উঠে এসেছে তাদের অদ্ভুত সখ্যের নানা তথ্য। এমনকি চার দিনের পর্যবেক্ষণে ষাঁড়টিকে গাধাটির সঙ্গে ৫১ বার মিলিত হতে দেখা গেছে।
সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘কারেন্ট বায়োলজি’তে প্রকাশিত এক গবেষণায় এ ঘটনা তুলে ধরা হয়েছে।
মূলত জেলাডা প্রজাতির বানর নিয়ে গবেষণা করতে ইথিওপিয়ায় গিয়েছিলেন একদল জীববিজ্ঞানী। গত মার্চে চার দিনের পর্যবেক্ষণের সময় হঠাৎ তাদের নজরে আসে ষাঁড় ও গাধার এই ব্যতিক্রমী আচরণ। ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক এলিসাবেত্তা পালাগি জানান, ঘটনাটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তবে এই পর্যবেক্ষণ তাদের সামনে গবেষণার নতুন একটি পথ খুলে দিয়েছে।
গ্রিক মহাকাব্য ‘ইলিয়াড’-এর দুই ঘনিষ্ঠ বীরের নাম অনুসারে ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘অ্যাকিল’ এবং গাধাটির নাম ‘পেট্রোক্লো’। প্রাণী দুটি ভিন্ন মালিকের অধীনে থাকলেও চারণভূমিতে ঘাস খাওয়ার সময় তাদের দেখা হতো। সেখানে ষাঁড়টি গাধার শরীর চেটে দিত এবং মাথা দিয়ে আলতো করে গুঁতো দিত। এ ধরনের আচরণ সাধারণত গাভি ও ষাঁড়ের মিলনের সময় দেখা যায়। বিজ্ঞানীদের ভাষ্য, গাধাটিও স্বেচ্ছায় এই সম্পর্কে সাড়া দিত।
একে অপরের প্রতি একচেটিয়া টান
স্থানীয় পশুপালকেরা আগে থেকেই প্রাণী দুটির সম্পর্কের বিষয়টি জানতেন। গবেষকেরা যখন তাদের ছবি ও ভিডিও ধারণ করতে শুরু করেন, তখন স্থানীয়রা বিষয়টি দেখে হাসাহাসি করেন।
বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রাণী দুটির মধ্যে একধরনের একচেটিয়া সখ্য তৈরি হয়েছে। ষাঁড়টি অন্য কোনো গাধার কাছে যাওয়ার চেষ্টা করলে সেই গাধা তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিত। অন্যদিকে পেট্রোক্লো কখনো অ্যাকিলের প্রতি বিরক্তি প্রকাশ করেনি। বরং অন্য কোনো ষাঁড় পেট্রোক্লোর কাছে আসার চেষ্টা করলে সে দাঁত বের করে তাকে তাড়িয়ে দিত।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় জীববিজ্ঞানী মাটিল্ডা ব্রিন্ডল বলেন, প্রাণিজগতে প্রজননের উদ্দেশ্যবিহীন যৌন আচরণ সম্পর্কে খুব বেশি তথ্য জানা নেই। এই পর্যবেক্ষণ প্রাণীদের অজানা আচরণ ও পারস্পরিক সম্পর্ক বুঝতে বিজ্ঞানীদের সহায়তা করবে।
আবারও এক করার চেষ্টা
ঘাসের অভাব দেখা দেওয়ায় সম্প্রতি প্রাণী দুটির মালিক তাদের আলাদা করে দিয়েছেন। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দীর্ঘদিনের এই সঙ্গী। তবে গবেষকেরা জানিয়েছেন, তারা প্রাণী দুটিকে আবারও একসঙ্গে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
ভিন্ন প্রজাতির দুই প্রাণীর এমন ঘনিষ্ঠ সম্পর্ক বিজ্ঞানীদের কাছে যেমন বিস্ময়কর, তেমনি প্রাণিজগতের আচরণ ও সামাজিক বন্ধন নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।

