
মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে কোলে এক বছরের সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছিলেন ভারতের মহারাষ্ট্রের প্রতীক্ষা টেন্ডলকার। সংসার চালাতে শুরু করেছিলেন ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। মাসিক বেতন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ রুপি। অথচ সেই প্রতীক্ষাই কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষার প্রতি অদম্য আগ্রহের জোরে একসময় একই ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পৌঁছান। জীবনের ৫৫ বছর বয়সে পূরণ করেন প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার স্বপ্নও।
প্রতীক্ষার এই জীবনসংগ্রাম যেন সিনেমার গল্পকেও হার মানায়। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের ভাগ্য বদলে দেওয়া এই নারীর পথচলা শুরু হয়েছিল ভারতের মহারাষ্ট্রের পুনেতে। ১৯৬৪ সালে জন্ম নেওয়া প্রতীক্ষার শৈশব কেটেছে অভাব-অনটনের মধ্যে। মাত্র ১৬-১৭ বছর বয়সে বিয়ে হয় তাঁর। সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই থেমে যায় শিক্ষাজীবন।
বিয়ের তিন বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় স্বামী সদাশিব কাদুকে হারান প্রতীক্ষা। তখন তাঁর বয়স মাত্র ২০ বছর। এক বছরের সন্তানকে নিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। জীবিকার তাগিদে প্রথমে সেলাইয়ের কাজ শুরু করেন। পরে সন্তানকে সঙ্গে নিয়ে চলে যান মুম্বাইয়ে।
স্বামীর বকেয়া বেতন তুলতে একদিন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় যান প্রতীক্ষা। সেখানেই শাখা ব্যবস্থাপকের কাছে কাজের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান। তাঁর পরিস্থিতি বিবেচনা করে ১৯৮৫ সালে ব্যাংকটিতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। মাসিক বেতন নির্ধারিত হয় মাত্র ৬০ থেকে ৬৫ রুপি।
ব্যাংকে প্রতিদিন মেঝে ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার করা ও আসবাবপত্রের পরিচর্যা করাই ছিল তাঁর কাজ। সামান্য বেতনে সন্তানসহ সংসার চালানো কঠিন হয়ে পড়ায় ব্যাংকের কাজের পাশাপাশি একটি জুতার কারখানাতেও কাজ করতেন। তবে অভাবের কাছে হার মানেননি তিনি। নিজের পড়াশোনা আবার শুরু করার স্বপ্নটিও বাঁচিয়ে রেখেছিলেন।
একদিন এক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির পুরোনো বই সংগ্রহ করেন প্রতীক্ষা। দিনের কাজ শেষে রাতে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা করতেন। সেই অধ্যবসায়ের ফলও মেলে। প্রথমবারেই দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি।
এরপর মুম্বাইয়ের ভিখরোলির একটি নৈশ কলেজে ভর্তি হয়ে দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করেন। থেমে থাকেননি সেখানেও। পরবর্তী সময়ে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সংসারের দায়িত্ব সামলে কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যাওয়ার এই লড়াই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ব্যাংকেও একের পর এক পদোন্নতি পেতে থাকেন প্রতীক্ষা। ১৯৯০ সালে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব ছেড়ে বার্তাবাহক পদে উন্নীত হন। স্নাতক শেষ করার পর বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার হিসেবে নতুন দায়িত্ব পান।
এর মধ্যে ১৯৯৩ সালে প্রমোদ টেন্ডুলকারকে বিয়ে করেন তিনি। প্রতীক্ষার পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ব্যাংকের বিভিন্ন বিভাগীয় পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে তাঁর স্বামী সব সময় উৎসাহ জুগিয়েছেন। পরবর্তী সময়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন প্রতীক্ষা। এরপর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে এগিয়ে যান ব্যাংকের উচ্চপর্যায়ের পদে।
দীর্ঘ কর্মজীবনের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালের জুনে। ওই সময় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে নিয়োগ পান প্রতীক্ষা। যে প্রতিষ্ঠানে একসময় মাত্র ৬০-৬৫ রুপি বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন, সেই প্রতিষ্ঠানেই পৌঁছে যান গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে।
তবে পদোন্নতি কিংবা কর্মজীবনের সাফল্যেই থেমে থাকেননি প্রতীক্ষা। নিজের নতুন নতুন স্বপ্ন পূরণের আগ্রহ ধরে রেখেছেন জীবনের পরিণত বয়সেও। ৫৫ বছর বয়সে প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করেন তিনি।
অল্প বয়সে স্বামীকে হারানো, একা সন্তানের দায়িত্ব নেওয়া, অর্থকষ্ট, কঠোর পরিশ্রম আর পড়াশোনার বিরতি—জীবনের প্রতিটি বাধাই মোকাবিলা করেছেন প্রতীক্ষা। একসময় যে নারী সংসার চালাতে ব্যাংকের মেঝে পরিষ্কার করতেন, সময়ের ব্যবধানে তিনিই হয়ে ওঠেন সেই ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা।
প্রতীক্ষার এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন ধরে রাখার এক অনন্য উদাহরণ। তাঁর জীবন দেখিয়ে দেয়, বয়স কিংবা পরিস্থিতি নয়, অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও অধ্যবসায়ই মানুষকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।

