
দূরত্ব, ভাষা কিংবা দেশের সীমানা—কোনোটিই বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভালোবাসার পথে। জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর হাত ধরে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলে এসেছেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী।
স্বামী মাসুদ রানার গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার হাজীপাড়ায় গত বুধবার আসেন অশ্বিনী। সেখানে পৌঁছে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। বর্তমানে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন এই তরুণী।
অশ্বিনী গণমাধ্যমকে জানান, দুবাইয়ের একটি রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় মাসুদ রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয়ের সম্মতিতে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। চলতি বছর বিয়ে করে প্রবাসেই সংসার শুরু করেন তাঁরা।
মাসুদ রানার মা ও পরিবারের সদস্যরা জানান, ছেলে দুবাইয়ে থাকাকালে তার প্রেমের সম্পর্কের কথা তাঁরা জানতে পারেন। বর্তমানে ছেলে ও পুত্রবধূ দুজনই বাড়িতে রয়েছেন। অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেও জানান তাঁরা।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, তাঁরা দুজন বিয়ে করেছেন। তাঁদের কাগজপত্র যাচাই করে দেখা হয়েছে। তাঁরা বৈধভাবে বিদেশে গিয়েছিলেন এবং বৈধভাবেই দেশে ফিরেছেন।

