প্রেমের ছদ্মবেশে গুপ্তচর, হানি ট্র্যাপেই রাঘব বোয়ালদের সর্বনাশ

প্রেমের ছদ্মবেশে গুপ্তচর, হানি ট্র্যাপেই রাঘব বোয়ালদের সর্বনাশ - the Bengali Times

প্রেম ভালোবাসা কিংবা ঘনিষ্ঠতার আড়ালে চলছে গুপ্তচরবৃত্তির ভয়ংকর খেলা

প্রেম, ভালোবাসা কিংবা ঘনিষ্ঠতার আড়ালে চলছে গুপ্তচরবৃত্তির ভয়ংকর খেলা। লক্ষ্যবস্তু প্রভাবশালী ব্যক্তি, রাষ্ট্রীয় কর্মকর্তা কিংবা বড় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। সম্পর্কের মায়াজালে জড়িয়ে তাঁদের কাছ থেকে বের করে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ গোপন তথ্য। গোয়েন্দা দুনিয়ায় পরিচিত এই কৌশলের নাম ‘হানি ট্র্যাপ’ বা মধুর ফাঁদ।

জেমস বন্ডের সিনেমায় দেখা গেলেও বাস্তবে এই কৌশলের ইতিহাস বহু পুরোনো। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এখনো তথ্য সংগ্রহ ও প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে এই পদ্ধতি ব্যবহার করে। কখনো প্রেমের অভিনয়, কখনো ব্ল্যাকমেইল, আবার কখনো স্বাভাবিক সম্পর্ককে হাতিয়ার করে লক্ষ্যবস্তুকে ফাঁদে ফেলা হয়।

- Advertisement -

সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। ওই নারী চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করতেন বলে মার্কিন কর্মকর্তাদের সন্দেহ। তবে অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্কের প্রকৃতি, তথ্য পাচারের অভিযোগ কিংবা কথিত গুপ্তচরবৃত্তির বিষয়ে এখনো অনেক কিছুই অস্পষ্ট। বেইজিংও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে অবিশ্বাস তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে দুই দেশই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

প্রেমের সম্পর্কই যখন গোয়েন্দা অস্ত্র

বিজনেস ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি রিস্কসের প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশের মতে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথিত গুপ্তচরদের সম্পর্ক তৈরি হওয়াটাই বড় নিরাপত্তাঝুঁকি। সংশ্লিষ্ট ব্যক্তি সরাসরি কোনো গোপন তথ্য না দিলেও এমন সম্পর্কের কারণে প্রতিষ্ঠান ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

সাবেক সিআইএ কর্মকর্তা জন সাইফার জানান, প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাই গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পেতে পারে এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে। তবে কিছু দেশের গোয়েন্দা সংস্থা সম্পর্ক, যৌনতা ও পারিবারিক দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষকে নিয়োগ বা বাধ্য করার ক্ষেত্রে বেশি তৎপর।

হানি ট্র্যাপের একটি পদ্ধতি হলো, কাউকে আপত্তিকর পরিস্থিতিতে ফেলে ব্ল্যাকমেইল করা। যেমন, কোনো ব্যক্তি যৌনসম্পর্ক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সেই দৃশ্য ধারণ করে তাঁকে হুমকি দেওয়া হতে পারে। এরপর গ্রেপ্তার কিংবা সামাজিক সম্মানহানির ভয় দেখিয়ে গোপন তথ্য সংগ্রহ করা হয়।

আরেকটি পদ্ধতিতে প্রশিক্ষিত এজেন্ট শুরু থেকেই প্রেমের অভিনয় করে লক্ষ্যবস্তুর কাছাকাছি যান। তবে বাস্তবে অনেক সময় স্বাভাবিক প্রেমের সম্পর্ককেও গোয়েন্দা সংস্থা নিজেদের স্বার্থে ব্যবহার করে। সম্পর্কের একপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভয় দেখিয়ে কিংবা প্রলোভন দিয়ে তথ্য সংগ্রহে বাধ্য করা হয়।

ইতিহাসে আলোচিত কয়েকটি হানি ট্র্যাপ

গুপ্তচরবৃত্তির ইতিহাসে এমন ঘটনার অভাব নেই। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ তৈরি করত। তাঁদের লক্ষ্য ছিল পশ্চিমা দেশের নারী কর্মকর্তা ও সচিবদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা।

১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত আলোচিত আরেকটি ঘটনায় চীনের পেকিং অপেরার গায়ক শি পেই পু ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরসিকটকে বিশ্বাস করিয়েছিলেন যে তিনি একজন নারী। তাঁদের মধ্যে দীর্ঘদিনের গোপন সম্পর্ক গড়ে ওঠে। এমনকি একটি শিশুকে তাঁদের সন্তান বলেও পরিচয় করানো হয়েছিল।

পরবর্তী সময়ে চীনা গোয়েন্দারা বুরসিকটকে ফরাসি দূতাবাসের তথ্য সরবরাহের প্রস্তাব দেয়। শি পেই পু-র নিরাপত্তার কথা ভেবে তিনি রাজি হন এবং দীর্ঘদিন ধরে গোপন নথি পাচার করেন। পরে ফ্রান্সে পৌঁছানোর পর দুজনই গ্রেপ্তার হন। ঘটনাটি আন্তর্জাতিক গোয়েন্দা মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

২০০০-এর দশকের শুরুতে চীনা-আমেরিকান ক্যাটরিনা লিউংয়ের ঘটনাও আলোচনায় আসে। তিনি এফবিআইয়ের সঙ্গে যুক্ত থাকলেও চীনের কাছে গোপন তথ্য সরবরাহ করতেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে এফবিআইয়ের দুই কর্মকর্তার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল। ২০০৩ সালে তিনি ও তাঁর এক ঘনিষ্ঠ কর্মকর্তা গ্রেপ্তার হন।

অনলাইন প্রেমেও গুপ্তচরবৃত্তির ফাঁদ

প্রযুক্তির বিস্তারের সঙ্গে হানি ট্র্যাপের ধরনও বদলেছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্রেমের সম্পর্ককে ব্যবহার করে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।

২০২৪ সালে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ও এ বিষয়ে সতর্কতা জারি করে। তাদের দাবি, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো অনলাইন প্রেম ও পরিচয়ের সুযোগ নিয়ে চীনা নাগরিকদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

বিশেষজ্ঞদের মতে, হানি ট্র্যাপ সব সময় সফল হয় না। জন সাইফারের ধারণা, এ ধরনের প্রচেষ্টার মাত্র ১০ শতাংশ সফল হতে পারে। কিন্তু হাজারটি প্রচেষ্টার মধ্যে একটি সফল হলেও তা গোয়েন্দা সংস্থার জন্য বড় অর্জন। বিশেষ করে লক্ষ্যবস্তু ব্যক্তি যদি রাষ্ট্রীয় নিরাপত্তা, প্রযুক্তি কিংবা সামরিক খাতের গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল রাখেন।

প্রযুক্তির লড়াইয়ে বাড়ছে ঝুঁকি

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রযুক্তি খাতেই নয়, উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণা, সামরিক সক্ষমতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে এই খাতের শীর্ষ কর্মকর্তারা গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারিতে থাকতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং রাজনৈতিক উত্তেজনা হানি ট্র্যাপের মতো কৌশলের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব কিংবা পেশাগত যোগাযোগ—সবকিছুই কখনো কখনো গোয়েন্দা তৎপরতার হাতিয়ার হয়ে উঠতে পারে। তাই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত জীবন ও যোগাযোগের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। কারণ, গুপ্তচরবৃত্তির জগতে কখনো কখনো একটি সম্পর্কই হয়ে উঠতে পারে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।

- Advertisement -

Related Articles

Latest Articles