খরচ বাঁচাতে মায়ের আলমারি থেকে শাড়ি নেন প্রভা

খরচ বাঁচাতে মায়ের আলমারি থেকে শাড়ি নেন প্রভা - the Bengali Times
মায়ের শাড়ি পরার পেছনে মজার একটি কারণও জানালেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, আবেগ আর ভালোবাসা। বিশেষ করে মায়ের শাড়িতে যেন মিশে থাকে অন্যরকম এক মায়া। সেই মায়ার পাশাপাশি এবার মায়ের শাড়ি পরার পেছনে মজার একটি কারণও জানালেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের জন্য জামদানি না কিনে মায়ের সংগ্রহ থেকেই পছন্দের শাড়ি বেছে নেন তিনি। এতে একদিকে মায়ের শাড়ি পরার আনন্দ, অন্যদিকে বেঁচে যায় বাড়তি খরচ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরা একটি জামদানি শাড়ির ছবি প্রকাশ করেন প্রভা। ছবির সঙ্গে শাড়িটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। জানান, জামদানি পরার ইচ্ছা হলে সাধারণত নিজের জন্য শাড়ি কেনেন না। বরং মায়ের আলমারিতে থাকা শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নেন।

- Advertisement -

প্রভা লেখেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’

এর পেছনে খরচ বাঁচানোর বিষয়টিও অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। নিজের আয়ের সঙ্গে মায়ের আয়ের তুলনা করে মজার ছলে তিনি বলেন, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’

প্রভার এমন মজার স্বীকারোক্তি ভক্তদের কাছে হয়ে উঠেছে বাড়তি আগ্রহের বিষয়। দামি পোশাক কিংবা নতুন শাড়ির পেছনে না ছুটে মায়ের সংগ্রহে থাকা শাড়ি পরেই যে আনন্দ খুঁজে পাওয়া যায়, অভিনেত্রীর কথায় সেটিই ফুটে উঠেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles