তিনি আমাদের কোম্পানির মালিক

তিনি আমাদের কোম্পানির মালিক - the Bengali Times
তিনি আমাদের কোম্পানির মালিক

ছবিটি গোপনে তুলিনি। তবে ইচ্ছে করেই ছবির মানুষগুলোকে আড়াল করে রেখেছি।

ছোট্ট লাঞ্চ রুমের ডানদিকে বসে স্যুপ খাচ্ছেন যিনি, তিনি আমাদের কোম্পানির মালিক এবং প্রেসিডেন্ট। তাঁর এই প্রতিষ্ঠানটি দুই বছর আগে নতুন জায়গায় স্থানান্তরিত হয়েছে। কোম্পানি ও প্রপার্টির মূল্য প্রায় ১০০ মিলিয়ন কানাডিয়ান ডলার। এরকম আরও কয়েকটি প্রতিষ্ঠান আছে এই ভদ্রলোকের। পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও বর্তমানে তিনি গাড়ির ডিলারশিপের মালিক।

- Advertisement -

তিনিই আমাদের লাঞ্চরুমে বসে লাঞ্চ করছেন। এরকম প্রায়ই তাঁকে দেখা যায়।

আমার স্ত্রী একবারই গিয়েছিল আমাদের ক্রিসমাস পার্টিতে। প্রতিবছর অনেক টাকা খরচ করে তিনি পার্টির আয়োজন করেন। কিন্তু আমার স্ত্রী দেখল, তিনি একটা প্লেট হাতে দাঁড়িয়ে আছেন, আর অন্য পাশে একজন সার্ভার তাঁকে স্টেক কেটে দিচ্ছেন।

এই ছবিতে প্রেসিডেন্টের পেছন দিয়ে নীল পোশাকে যে লোকটা চলে যাচ্ছেন, তিনি একজন মেকানিক। তিনিও এখানে বসেই খাচ্ছিলেন। লাঞ্চ শেষ করে চলে যাচ্ছেন কাজে।

আরেকটি অভিজ্ঞতা বলছি। প্রায় ত্রিশ-পঁয়ত্রিশ বছর আগে, যখন কানাডার আমেরিকান এক্সপ্রেসে যোগ দিয়েছিলাম, তখন খুব শখ হয়েছিল কোম্পানির প্রেসিডেন্টকে দেখার। চাকরির বয়স তখন দুই-তিন সপ্তাহ। পিয়ার পেরাডি নামের এক কলিগকে জিজ্ঞেস করলাম, সে প্রেসিডেন্টকে দেখেছে কি না। বললাম, তাঁকে একটু দেখতে চাই।

পিয়ার জিজ্ঞেস করল, কেন, কোনো কাজ আছে? তাহলে সে আমাকে প্রেসিডেন্টের অফিসে নিয়ে যেতে পারে।

আমি বললাম, না না, সেটার কোনো প্রয়োজন নেই।

ওকে যেটা বললাম না, তা হলো, আমি দেশে থাকতে গোল্ডহীল নিপ্পন কোম্পানিতে কিছুদিন কাজ করেছিলাম। আমাদের চেয়ারম্যান অফিসে ঢোকার আগে মোটামুটি একটা ভূমিকম্প হয়ে যেত।

ওপর থেকে প্রেসিডেন্টের গাড়ি দেখা যেতেই নবী নামের একজন পিয়ন দৌড়ে চেয়ারম্যানের রুমে ঢুকে স্প্রে করে বেরিয়ে এসে দরজার পাশে দাঁড়িয়ে থাকত। এরপর সালাম ও মোস্তফা নামের দুজন পিয়ন চেয়ারম্যান সাহেবের ব্রিফকেস, লাঞ্চবক্স, ফাইলপত্র নিয়ে হন্তদন্ত হয়ে তাঁর রুমে ঢুকত। সেগুলো রেখে তারাও নবীর পাশে লাইনে দাঁড়িয়ে যেত।

এরপর গোঁফওয়ালা বডিগার্ড আজগর ভাই মোটামুটি লেফট-রাইটের ভঙ্গিমায় এগিয়ে এসে দরজার হাতল ধরে দাঁড়িয়ে থাকতেন।

যেহেতু আমাদের বসার জায়গা পার হয়ে চেয়ারম্যান স্যারকে যেতে হতো, তাই আমরা নবীর দৌড়ানো দেখার পর থেকেই দাঁড়িয়ে থাকতাম। কেউ জানতাম না চেয়ারম্যান সাহেব কখন আসবেন। তিনি হয়তো বিল্ডিংয়ের অন্য দিকটায় কারও সঙ্গে দেখা করতে গেছেন, অথবা সিঁড়ির ওপর দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলছেন। কিন্তু আমাদের বসে থাকাটা নাকি বেয়াদবি হবে। আমাদের সঙ্গে টাইপিস্ট রেনুকাও দাঁড়িয়ে থাকত। মোটামুটি দাঁড়িয়ে থাকা একটা মানববন্ধন।

কাজেই ঢাকার ছোট্ট একটা কোম্পানির মালিকের আগমন বা উপস্থিতির এরকম অভিজ্ঞতা থাকলে কানাডার একটি ব্যাংকের প্রেসিডেন্টকে দেখার লোভ হবে না কেন?

যাই হোক, এক সপ্তাহের মধ্যেই আমার সাধ পূর্ণ হলো।

একদিন ক্যাফেটেরিয়ার ক্যাশ কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। পেছন থেকে পিয়ার কাঁধে টোকা দিয়ে বলল, তুমি না মরিস পার্লকে দেখতে চেয়েছিলে? ওই যে সে! চেয়ে দেখি, পাশের ক্যাশ কাউন্টারে ট্রেতে খাবার নিয়ে পয়সা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা তৃতীয় ব্যক্তিই আমাদের প্রেসিডেন্ট।

এমনিতেই বললাম এসব।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles