
প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে বাজার থেকে আংটি না কিনে নিজেই সোনা সংগ্রহের উদ্যোগ নেন যুক্তরাষ্ট্রের কলোরাডোর যুবক জ্যাক ভলকানি। মাসের পর মাস বিভিন্ন নদী থেকে সোনার কণা সংগ্রহ করে তা দিয়ে তৈরি করান বাগদানের আংটি। তাঁর ব্যতিক্রমী ভালোবাসার গল্পে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রেমিকা জোয়ান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ‘দ্য পিপল’-এর প্রতিবেদনে এ ঘটনা জানানো হয়।
কলোরাডোর হুইট রিজ এলাকার বাসিন্দা জ্যাকের ইচ্ছা ছিল, প্রেমিকাকে এমন একটি আংটি উপহার দেবেন, যার সঙ্গে জড়িয়ে থাকবে তাঁর নিজের পরিশ্রম ও ভালোবাসা। সেই ভাবনা থেকেই নদীতে সোনা খোঁজা শুরু করেন তিনি।
জ্যাক জানান, কাজটি শেষ করতে অনেক সময় লাগবে বুঝলেও সেই চ্যালেঞ্জ তাঁকে আরও উৎসাহিত করেছিল। অবশেষে প্রয়োজনীয় সোনা সংগ্রহ করে তা তুলে দেন স্থানীয় গয়না নির্মাতা জ্যাক অ্যালেনের হাতে। সংগৃহীত সোনা গলিয়ে তৈরি করা হয় বাগদানের আংটি।
প্রেমিকাকে চমকে দিতে একদিন তাঁকে নিয়ে পাহাড়ি পথে হাঁটতে বের হন জ্যাক। সেখানে নদী থেকে সোনা সংগ্রহের দৃশ্য ধারণ করা একটি ভিডিও দেখান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে জোয়ান বুঝতে পারেন, তাঁর জন্যই এত দিন ধরে এই আয়োজন করেছেন প্রেমিক। আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন তিনি।
জোয়ান বলেন, ভিডিওর মাঝামাঝি গিয়ে তিনি বুঝতে পারেন, জ্যাক নিজের হাতে সংগ্রহ করা সোনা দিয়েই তাঁর আংটি তৈরি করেছেন। মুহূর্তটি তাঁর কাছে ছিল অত্যন্ত আবেগের।
জোয়ানের মতে, জ্যাকের এই উদ্যোগ তাঁকে বুঝিয়েছে, জীবনসঙ্গী হিসেবে তিনি সঠিক মানুষটিকেই বেছে নিয়েছেন।
এদিকে আংটি তৈরির পর কিছু সোনা অবশিষ্ট থাকায় তা দিয়ে নিজের জন্যও একটি আংটি বানানোর পরিকল্পনা করেছেন জ্যাক। তাঁর আশা, দূরে থাকলেও দুজনের আংটি তাঁদের ভালোবাসা ও একসঙ্গে থাকার অনুভূতি মনে করিয়ে দেবে।

