
বলিউড তারকা শাহরুখ খান ও গৌরী খানের দাম্পত্য জীবন তিন দশকেরও বেশি সময়ের। তবে তাঁদের প্রেমের শুরুর দিনগুলো ছিল নানা টানাপোড়েনে ভরা। গৌরীর পোশাক ও চুলের ধরন নিয়ে শাহরুখের অতিরিক্ত অধিকারবোধ একসময় তাঁদের সম্পর্ককে বিচ্ছেদের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
বহু বছর আগে সিমি গারেওয়ালের উপস্থাপনায় ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’ অনুষ্ঠানে নিজের অতীতের কথা বলতে গিয়ে এ আচরণের কথা স্বীকার করেন শাহরুখ।
অভিনেতা জানান, প্রেমের সময় গৌরীকে বলেছিলেন, তাঁর প্রেমিকা হলে খোলা চুলে বাইরে যাওয়া কিংবা সাদা শার্ট পরা চলবে না।
শাহরুখের এমন বিধিনিষেধ মেনে নিতে পারেননি গৌরী। তাঁর কাছে বিষয়টি ছিল অযৌক্তিক ও অস্বাস্থ্যকর মানসিকতার প্রকাশ। একপর্যায়ে সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সাক্ষাৎকারে গৌরী জানান, শাহরুখের আচরণে বিরক্ত হয়ে তাঁকে স্পষ্ট বলেছিলেন, ‘বিদায়, তোমার সঙ্গে আর কোনো দিন দেখা করব না।’
গৌরীর এই কঠোর অবস্থান শাহরুখকে নিজের ভুল বুঝতে সাহায্য করে। পরে পরিস্থিতি সামলে নেন তিনি। ফলে সম্পর্কটি বিচ্ছেদে না গড়িয়ে পরিণতি পায় বিয়েতে।
শাহরুখ ও গৌরীর পরিচয় ১৯৮৪ সালে, দিল্লিতে এক বন্ধুর আয়োজিত অনুষ্ঠানে। দীর্ঘ প্রেমের পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা। বর্তমানে এই দম্পতির তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রাম।
প্রেমের শুরুর দিকের সেই টানাপোড়েন পেরিয়ে শাহরুখ-গৌরী আজ বলিউডের অন্যতম পরিচিত তারকা দম্পতি।

