
রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন কানাডিয়ান সাহিত্যিক ও কবি অ্যান কারসন। হঠাৎ ফোন এলো—তিনি পেয়েছেন সাহিত্যে ২০২৬ সালের নোবেল পুরস্কার। এমন অভিনব মুহূর্তেই জীবনের অন্যতম বড় স্বীকৃতির খবরটি জানতে পারেন ৭৬ বছর বয়সী এই সাহিত্যিক।
বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে নোবেল পুরস্কারের বিজয়ী হিসেবে অ্যান কারসনের নাম ঘোষণা করে। প্রাচীন গ্রিক সাহিত্যকে আধুনিক ও অনন্য প্রকাশভঙ্গিতে তুলে ধরার স্বীকৃতিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল কমিটি একাধিকবার ফোন করলেও প্রথমে কল ধরেননি কারসন। পরে স্বামীর পরামর্শে কলব্যাক করলে জানতে পারেন, তিনি নোবেলজয়ী হয়েছেন। বর্তমানে আইসল্যান্ডে বসবাস করছেন তিনি।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্ম নেওয়া কারসন প্রাচীন গ্রিক সাহিত্য ও আধুনিক কবিতার মেলবন্ধনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ‘দ্য গ্লাস এসে’, ‘অটোবায়োগ্রাফি অব রেড’ এবং সাপফো ও ইউরিপিডিসের রচনার অনুবাদ তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
তবে তার নোবেলজয়ের খবর জানানোর মুহূর্তটি বিশেষভাবে আলোচনায় এসেছে—বিশ্বসাহিত্যের অন্যতম বড় পুরস্কারের সংবাদটি তিনি পেয়েছেন একেবারে ঘরোয়া কাজে ব্যস্ত থাকা অবস্থায়।

