
চাকরি পাওয়ার আনন্দে নতুন জীবনের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু কর্মজীবনে ঢোকার পর বাস্তবতার চিত্রটা যে এতটা কঠিন হতে পারে, তা বুঝতে পারেন খুব দ্রুতই। দুপুরের ঘুম, বন্ধুদের সঙ্গে আড্ডা, শপিং কিংবা নিজের পছন্দের কাজ—সবকিছুর জন্যই তখন সময় বের করা যেন এক কঠিন কাজ।
ফুলটাইম চাকরি পাওয়ার পর জীবনের এমনই কিছু পরিবর্তনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন কুলজৎ কৌর নামের এক তরুণী। ইনস্টাগ্রামে দেওয়া একটি ভিডিওতে তিনি বেকার জীবনের সঙ্গে বর্তমান কর্মজীবনের তুলনা করেছেন।
‘চলুন, সোনালি সেই দিনগুলো নিয়ে কথা বলা যাক’—এমন ক্যাপশন দিয়ে ভিডিওটি প্রকাশ করেন কুলজৎ।
ভিডিওতে তিনি বলেন, চাকরি পাওয়ার আগে দুপুরের ঘুম তার কাছে ছিল একেবারে স্বাভাবিক বিষয়। কিন্তু কর্মজীবনে প্রবেশের পর সেটিই যেন বিলাসিতায় পরিণত হয়েছে। এখন চাইলেও দুপুরে একটু ঘুমানোর সুযোগ মেলে না।
শুধু ঘুম নয়, বদলে গেছে তার সামাজিক জীবনও। আগে কর্মদিবসেও বন্ধুদের সঙ্গে দেখা করা বা আড্ডা দেওয়া সম্ভব হতো। এখন ছুটির দিনেও বন্ধুদের সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে।
আগে সপ্তাহের যেকোনো দিন শপিংয়ে বেরিয়ে পড়লেও এখন ছুটির দিন এলেই বাইরে যাওয়ার বদলে বিছানায় পড়ে থাকতে ইচ্ছে করে—কাজের ক্লান্তি যেন সব পরিকল্পনাকে হার মানিয়ে দেয়।
বদলে গেছে সন্ধ্যার চিত্রও। কুলজৎ জানান, আগে বিকেল ৫টার পরও তার দিন যেন সবে শুরু হতো। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঘোরাঘুরি কিংবা নিজের পছন্দের কাজ করার সুযোগ থাকত। অথচ এখন কাজ শেষে তার সঙ্গী হয় শুধু তীব্র ক্লান্তি।
সিনেমা দেখার অভ্যাসেও এসেছে মজার পরিবর্তন। আগে এক বসাতেই পুরো সিনেমা দেখে শেষ করে ফেলতেন। এখন একদিনে পুরো সিনেমা দেখার সময় নেই। তাই অল্প অল্প করে সিনেমা দেখতে হয়।
পরদিন আবার অফিস থাকায় রাতে বেশি সময় জাগতে পারেন না। ফলে একটি সিনেমা শেষ করতেও কয়েক দিন লেগে যায়। মজা করে কুলজৎ বলেন, তার এই অভ্যাসে এখন একটি সিনেমাই যেন একেকটি ধারাবাহিক নাটকে পরিণত হয়েছে!
সবশেষে নিজের শখের কথাও তুলে ধরেছেন তিনি। আগে পছন্দের কাজ কিংবা শখ পূরণের জন্য আলাদা করে সময় বের করতে হতো না। হাতে সময় থাকায় সেগুলো জীবনের স্বাভাবিক অংশই ছিল।
কিন্তু চাকরির ব্যস্ততায় সেই শখগুলো এখন তালিকার অনেক নিচে চলে গেছে। কাজ, ক্লান্তি আর ঘুম—সব মিলিয়ে নিজের জন্য সময় বের করাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কুলজৎ-এর ভিডিওটি তাই শুধু তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং কর্মজীবনে পা রাখা অনেক তরুণ-তরুণীর চেনা বাস্তবতারই প্রতিচ্ছবি। চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ হলেও নিজের জন্য সেই পুরোনো সময়টুকু ফিরে পাওয়া যে কত কঠিন, তারই মজার গল্প উঠে এসেছে ভিডিওটিতে।

