
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, সেখান থেকে একতরফা ভালো লাগা। সেই ভালো লাগা থেকেই এক নারী ইনফ্লুয়েন্সারকে বিয়ে করার জেদ চেপে বসে এক যুবকের। প্রিয় সেই নারীকে বিয়ে করতে সুদূর চেন্নাই থেকে ছুটে যান দিল্লিতে। কিন্তু ওই নারীর বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানাতেই ঘটে বিপত্তি। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মারধরে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে ওই যুবকের।
ভারতের দিল্লিতে ঘটে যাওয়া এ ঘটনায় নিহত যুবকের নাম অভিনব। তিনি উত্তর প্রদেশের গাজীপুরের বাসিন্দা। চেন্নাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। এ ঘটনায় নারী ইনফ্লুয়েন্সারের বাবা ও এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, ওই ইনফ্লুয়েন্সারের নাম নেহা বিষ্ট। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছয় লাখের বেশি। তার প্রকাশ করা প্রতিটি ছোট ভিডিওতেই লাখ লাখ দর্শকের সাড়া মেলে। সম্প্রতি নিজের বাগদান ও আসন্ন বিয়ে নিয়েও ইনস্টাগ্রাম ও ইউটিউবে বিভিন্ন ভিডিও প্রকাশ করছিলেন তিনি।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৭ নভেম্বর পূর্ব দিল্লির মধু বিহার এলাকায় নেহার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন বাড়িতে জোর করে প্রবেশ করেন অভিনব। সেখানে গিয়ে নেহাকে বিয়ে করার দাবি জানান তিনি।
পরদিন দায়ের করা এজাহারে বলা হয়, অভিনবের শরীর থেকে মদের গন্ধ আসছিল। তার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে নেহার পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশী তাকে মারধর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় অভিনবকে উদ্ধার করে পুলিশ। তার পিঠ ও ডান পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ নভেম্বর তার মৃত্যু হয়।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিনব নিয়মিত নেহা বিষ্টের সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখতেন। একপর্যায়ে তার প্রতি একতরফা ভালো লাগা তৈরি হয়। কয়েক মাস আগেও ভক্ত হিসেবে নেহার বাড়িতে গিয়েছিলেন তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অন্য একজনের সঙ্গে নেহার বিয়ে ঠিক হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনব। সেই ক্ষোভ থেকেই এবার সরাসরি নেহার বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান। তবে নেহা তাকে ব্যক্তিগতভাবে চিনতেনও না।
এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে নেহার বাবা বীরেন্দর বিষ্ট ও এক প্রতিবেশীকে। মারধরের ঘটনায় আরও কেউ জড়িত ছিলেন কি না, তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

