
প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবরের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় জনপ্রিয় তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের সংসার ভাঙনের গুঞ্জন। তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করেছে ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবনের ১৬ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই পথচলায় তাদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান ইলহাম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিচ্ছেদ নিয়ে নানা পোস্ট ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। এ বিষয়ে ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তিশা-ফারুকীর সংসার ভাঙনের খবরের কোনো ভিত্তি নেই।
তাদের দাবি, একটি ব্যঙ্গাত্মক পাতায় প্রকাশিত কাল্পনিক তথ্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্টরা আরও জানান, ১৬ বছরের দাম্পত্য জীবনে কন্যাসন্তান ইলহামকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছেন ফারুকী ও তিশা। তাই এ ধরনের গুজবে কান না দিতে ভক্তদের অনুরোধ করা হয়েছে।
বিষয়টি নিয়ে ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের প্রধান সহকারী পরিচালক মাসুদ পারভেজও এটিকে গুজব বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘আমি যতটুকু দেখি, ততটুকুই বলতে পারব। অভ্যন্তরীণ অনেক বিষয় হয়তো আমি জানি না। যতটুকু বলতে পারি, এটা একটি গুজব। গুজব তো গুজবই। গুজব আবার সত্য হয় কীভাবে? সত্য হলে তো আর সেটা গুজব হতো না।’
তিনি আরও বলেন, ‘কী হচ্ছে, সেটা সামনে দেখা যাবে। যা-ই হোক, সূর্যের মতো একদম সত্য হবে। এ ব্যাপারে এখন কথা না বলাই ভালো।’
এদিকে ফারুকীর ছোট ভাই ও ঘনিষ্ঠ সহকর্মী গোলাম কিবরিয়া ফারুকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বিয়ের আগে থেকেই ফারুকী ও তিশার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০১০ সালে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যের পর তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, এটি নিছকই একটি গুজব।

