ব্যাংকে কোটি কোটি টাকা, ‘মাথা ঠিক থাকত না’: নোবেল

ব্যাংকে কোটি কোটি টাকা, ‘মাথা ঠিক থাকত না’: নোবেল - the Bengali Times
মাইনুল আহসান নোবেল পুরোনো ছবি

ভারতের সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় তৃতীয় হয়ে ব্যাপক পরিচিতি পান বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এরপর মৌলিক গান ও চলচ্চিত্রের গান দিয়ে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তবে সংগীতের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময় আলোচনায় ছিলেন এই শিল্পী।

সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর দিকের জীবন, বিপুল অর্থ উপার্জন এবং সেই সময়ের মানসিক অবস্থার কথা জানিয়েছেন নোবেল। তার দাবি, ক্যারিয়ারের শুরুর দিকে মাসে ৪০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আয় করেছেন তিনি। অল্প বয়সে বিপুল অর্থ ও জনপ্রিয়তা পাওয়ায় তা সামলানোর মতো মানসিক পরিপক্বতা তখন তার ছিল না।

- Advertisement -

নোবেল বলেন, ‘সারেগামাপায় যখন জনপ্রিয়তা পাই, তখন দুহাতে টাকা আসতে থাকে। মাসে এমনও হয়েছে, ৪০-৫০, এমনকি ৬০ লাখ টাকা পর্যন্ত পেয়েছি। তখন আমার বয়স মাত্র ২৪-২৫ বছর। এত টাকা আমাকে অস্থির করে তুলেছিল। নিজেকে ধরে রাখতে পারিনি। বেখেয়ালি জীবনে জড়িয়ে পড়ি। টাকা আমার মাথা খারাপ করে তোলে।’

একপর্যায়ে ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা জমা হয়েছিল বলেও জানান তিনি। সেই সময়ের কথা স্মরণ করে নোবেল বলেন, ‘এমন সময়ও গেছে, যখন ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল। কোটি টাকা থাকলে ওই বয়সে মাথা ঠিক থাকে?’

তবে নোবেলের সংগীতজীবনের শুরু ‘সারেগামাপা’ দিয়ে নয়। ছোটবেলায় বাবার কিনে দেওয়া ক্যাসেট শুনে আইয়ুব বাচ্চু, জেমস ও হাসানের গান গাইতেন তিনি। সংগীতের প্রতি আগ্রহ থেকেই ২০১৬ সালে গানকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে ব্যান্ড গড়ে নিয়মিত সংগীতচর্চা শুরু করেন।

প্রাতিষ্ঠানিকভাবে কোনো ওস্তাদের কাছে সংগীত শেখেননি নোবেল। নিজের চেষ্টায় গান শেখা ও চর্চা চালিয়ে যাওয়ার পর ‘সারেগামাপা’ তাকে বড় পরিসরে পরিচিতি এনে দেয়। প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার পর রাতারাতি আলোচনায় উঠে আসেন তিনি।

তবে সেই সময়ের জীবন থেকে এখন অনেকটাই দূরে সরে এসেছেন বলে জানিয়েছেন নোবেল। তার ভাষ্য, গত ১০ মাসে জীবনে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে ছেলের জন্মের পর থেকেই জীবনযাপনে পরিবর্তন শুরু হয়েছে।

এখন গান ও ছেলেকে ঘিরেই তার ব্যস্ততা। অতীতের অভিজ্ঞতা পেছনে ফেলে সংগীতচর্চা ও পরিবারকে সঙ্গে নিয়ে নতুনভাবে এগিয়ে যেতে চান এই শিল্পী।

- Advertisement -

Related Articles

Latest Articles