
টরন্টোর আনউইন অ্যাভিনিউয়ের যে অংশটি কয়েক মাস আগেও ছিল চালকদের কাছে আতঙ্কের নাম, এখন সেই রাস্তাটির চেহারা পুরোপুরি বদলে গেছে। গভীর গর্ত, ক্ষয়ে যাওয়া পিচ আর দুর্ঘটনায় গাড়ি মেরামতের বাড়তি খরচ নিয়ে অভিযোগের পর রাস্তা মেরামত তো করা হয়েছেই, নতুন করে পাকাও করা হয়েছে।
গত মার্চে একদল চালক শহরের সবচেয়ে খারাপ অবস্থায় থাকা রাস্তাগুলোর পরিস্থিতি তুলে ধরতে স্পিকার কর্নারের কাছে এসেছিলেন। তাঁদের অভিযোগের তালিকায় ছিল চেরি বিচ থেকে টমি থম্পসন পার্ক পর্যন্ত আনউইন অ্যাভিনিউয়ের দীর্ঘ একটি অংশ। রাস্তাজুড়ে ছিল বড় বড় গর্ত। কোথাও কোথাও উপরিতল এতটাই ক্ষয়ে গিয়েছিল যে স্বাভাবিক গতিতে গাড়ি চালানোও কঠিন হয়ে পড়েছিল। এর জেরে কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং চালকদের বড় অঙ্কের অর্থ খরচ করে গাড়ি মেরামত করতে হয় বলে অভিযোগ ওঠে।
সেই সময় সমস্যাটি তুলে ধরতে সামনে এসেছিলেন জেসন সিংও। এখন রাস্তার নতুন চেহারা দেখে তাঁর মুখে স্বস্তির হাসি। সিংয়ের কথায়, রাস্তার বর্তমান অবস্থা দেখে তাঁরা অত্যন্ত খুশি। রাস্তার দুরবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করে। সিটি কর্মীরা শুধু গর্তগুলো ভরাট করেননি, পুরো ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে পিচের কাজও করেছেন। সিংয়ের দাবি, নির্ধারিত সময়ের তুলনায় অনেক আগেই কাজ শেষ হয়েছে। কারণ, আগের এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানিয়েছিল, সেপ্টেম্বরের আগে আনউইন অ্যাভিনিউয়ের মেরামতের কাজ শুরু হওয়ার কথা নয়।
পরবর্তীতে সিটি কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, চেরি স্ট্রিট থেকে আনউইন ব্রিজ পর্যন্ত অংশের রাস্তা পাকাকরণের কাজ দ্রুত শেষ করতে সক্ষম হয়েছেন সিটি কর্মীরা। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, আলাদা কোনও দীর্ঘমেয়াদি প্রকল্পের পরিবর্তে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত কর্মসূচির আওতায় কাজটি করা হয়েছে। এর মধ্যে ছিল রাস্তার গ্রেডিং, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং নতুন করে রাস্তা পাকা করার কাজ। ফলে যে কাজটি নিয়ে আগে দীর্ঘ অপেক্ষার আশঙ্কা তৈরি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত প্রত্যাশার তুলনায় অনেক দ্রুত সম্পন্ন হয়েছে।
এটি অবশ্য টরন্টোর সড়ক মেরামতের বৃহত্তর কর্মসূচির একটি অংশ। চলতি বছরের শীতকালে তীব্র ঠান্ডা ও আবহাওয়ার প্রভাবে শহরের বিভিন্ন রাস্তার ব্যাপক ক্ষতি হয়। শীতের পর সেই ক্ষয়ক্ষতি সামলাতে সিটি রোড ক্রুদের ওপর বাড়তি চাপ পড়ে। পরিসংখ্যানেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। সেপ্টেম্বর পর্যন্ত টরন্টো শহরজুড়ে ২,০৬,৯৪৮টি গর্ত মেরামত করা হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২,০২,২৫০। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ের মধ্যে প্রায় ৪,৭০০টি বেশি গর্ত সারানো হয়েছে।
রাস্তার এই মেরামত অভিযান জোরদার করার পেছনে বাড়তি বাজেটও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি বছরে গর্ত মেরামতের জন্য টরন্টো সিটি কর্তৃপক্ষের বাজেট ৩৪ শতাংশ বাড়িয়েছে। এ বছর এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬২ লাখ ডলার। অতিরিক্ত অর্থের ফলে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত চিহ্নিত করা, মেরামতের কাজ বাড়ানো এবং শীতের ক্ষয়ক্ষতি সামলানোর ক্ষেত্রে সিটি কর্মীদের সক্ষমতা বেড়েছে।
আনউইন অ্যাভিনিউয়ের ঘটনা দেখাচ্ছে, স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ সংবাদমাধ্যমের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হলে একটি দীর্ঘদিনের সড়ক সমস্যা কীভাবে কয়েক মাসের মধ্যেই বদলে যেতে পারে। কয়েক মাস আগে যেখানে গাড়ি চালানো ছিল ঝুঁকিপূর্ণ, এখন সেখানেই নতুন পিচের ওপর দিয়ে স্বাভাবিকভাবেই চলছে যানবাহন।
সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

