মধ্যরাতে মদ্যপ পরিচালকের অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

মধ্যরাতে মদ্যপ পরিচালকের অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর - the Bengali Times
স্বরা ভাস্কর

ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। একা রিহার্সালের প্রস্তাব থেকে শুরু করে মাঝরাতে মদ্যপ অবস্থায় তার দরজায় কড়া নাড়া—সেই তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে ক্যারিয়ারের শুরুর দিকের ওই ঘটনা নিয়ে কথা বলেন স্বরা। তার ভাষ্য অনুযায়ী, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে কাজের সুযোগ পান তিনি। সেখানেই পরিচালকের আচরণ তাকে অস্বস্তিতে ফেলে।

- Advertisement -

স্বরা জানান, একদিন একটি রোমান্টিক দৃশ্যের মহড়ার কথা বলে তাকে একা ডেকে পাঠান পরিচালক। শুধু তা-ই নয়, ব্যক্তিগতভাবে বার্তা পাঠানো এবং কবিতা পাঠানোর মতো ঘটনাও ঘটেছিল।

অভিনেত্রীর ভাষ্য, তিনি আগেই জানতে চেয়েছিলেন মহড়ার সময় আর কারা উপস্থিত থাকবেন। পরিচালক শুধু দুজনের মধ্যে আলোচনা ও মহড়ার কথা বললে তিনি আপত্তি জানান। স্বরা স্পষ্ট করে বলেন, মহড়া হলে অভিনেতা ও চিত্রগ্রাহকসহ সংশ্লিষ্ট সবার উপস্থিতি থাকা উচিত।

পরে অতিথিশালায় গিয়ে স্বরা দেখতে পান, পরিচালক ও চিত্রগ্রাহক সেখানে বসে মদপান করছেন। পরিস্থিতি অস্বস্তিকর মনে হওয়ায় চিত্রনাট্য পড়ে কোনোভাবে সেখান থেকে নিজের কক্ষে ফিরে যান তিনি।

কিন্তু রাতের ঘটনা আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানান অভিনেত্রী। তার দাবি, মাঝরাতে ওই পরিচালক তার কক্ষের দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তার আশঙ্কা হয় পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়তে পারেন।

শেষ পর্যন্ত দরজা খুললে মদ্যপ অবস্থায় পরিচালক তাকে অদ্ভুত একটি প্রশ্ন করেন—তিনি কি স্বরাকে জড়িয়ে ধরতে পারেন?

স্বরা জানান, ওই ঘটনার সময় তিনি ভীষণ আতঙ্কিত ও অস্বস্তিতে পড়েছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে এমন অভিজ্ঞতা তার ওপর গভীর মানসিক চাপ তৈরি করেছিল বলেও জানান অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles